বিশ্ব পর্যটন দিবস আজ

প্রাচীন ইমারত, নতুন শহর

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকার মানুষের সঙ্গে প্রতিদিন দেশি-বিদেশি বহু পর্যটকের দেখা মিলছে। অনেকে ঘুরতে আসছেন এখানে।

শতবর্ষ পেরিয়ে বীরদর্পে দাঁড়িয়ে আছে হার্ডিঞ্জ ব্রিজ (বাঁয়ে)। পাশে লালন শাহ সেতু। সেতুটির নিচ দিয়ে দেখা যাচ্ছে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। গতকাল পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায়
ছবি: হাসান মাহমুদ

দেশে ব্রিটিশদের তৈরি স্থাপনাগুলোর মধ্যে হার্ডিঞ্জ ব্রিজ অন্যতম। উত্তাল পদ্মার বুকে শত বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে লালরঙা সেতুটি। পাশেই হাতির মতো যেন শুঁড় তুলেছে লালন শাহ সেতু। এর পাশে মাথা তুলে দাঁড়াচ্ছে দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

জোড়া দুই সেতু, পদ্মার উত্তাল ঢেউ ও সবুজ প্রকৃতি। ব্রিটিশদের নানা স্থাপনার সঙ্গে রুশদের নতুন শহর। সব মিলিয়ে পর্যটনে নতুন সম্ভাবনার দাঁড় উন্মোচন করেছে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন।

পাকশী এলাকার মানুষের সঙ্গে প্রতিদিন দেশি-বিদেশি বহু পর্যটকের দেখা মিলছে। কেউ নতুন শহর দেখতে, কেউবা ব্রিটিশ স্থাপনার খোঁজে বেড়াতে আসছেন এখানে। আবার কেউবা পদ্মার বুকে নৌকা ভাসিয়ে শান্তি খুঁজছেন।

পাকশী এলাকায় যেহেতু পর্যটক আসেন। তাই পর্যটকদের সুবিধার জন্য অস্থায়ী শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে
ইমরুল কায়েস, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঈশ্বরদী

পুরোনো ঐতিহ্যের পাশাপাশি নতুনের বেড়ে ওঠা দেখতে পাকশীর যেন জুড়ি নেই। পাবনা জেলা শহর, ঢাকা, রাজশাহী অথবা খুলনা-যশোর। সবদিক থেকেই খুব সহজে চলে আসা যাবে পাকশীতে। বাসের সঙ্গে রয়েছে ট্রেন সুবিধা। ট্রেনে এলে প্রথমেই দেখে নেওয়া যাবে ঈশ্বরদী উপজেলা সদরে ব্রিটিশদের গড়া দেশের প্রথম রেলওয়ে জংশন স্টেশন। লালরঙা পুরোনো ইমারতগুলো এখনো যেন অক্ষত। স্টেশনে নেমেই পাশে বেনারসিপল্লি। ঐতিহ্য ধরে রেখে এখনো নানা

রঙের বেনারসি শাড়ি তৈরি হয় এই পল্লিতে। বিহারি কারিগর ও তাঁদের বংশধরেরা আছেন এখানে। ঘুরে বেড়ানোর পাশাপাশি খুব কম দামেই বেনারসি শাড়ি কেনা যাবে।

ঘুরতে ঘুরতেই স্টেশন বাজার থেকে স্বাদ নেওয়া যাবে ঈশ্বরদীর সুস্বাদু জিলাপির। স্থানীয়ভাবে বেশ কদর এই রেশমি জিলাপির। আছে বিহারিদের তৈরি মসলা পান। ইচ্ছা হলে পান চিবাতে চিবাতেই রওনা দেওয়া যাবে পাকশীর দিকে।

বিদেশি কর্মজীবীরা ঈশ্বরদী উপজেলার গ্রিনসিটি এলাকায় থাকেন

ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরুল কায়েস বলেন, পাকশী এলাকায় যেহেতু পর্যটক আসেন। তাই পর্যটকদের সুবিধার জন্য অস্থায়ী শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে প্রশাসনের নজরদারি।

যেকোনো বাহনেই যাওয়া যাবে পাকশী। ঈশ্বরদী-পাকশী সড়ক ধরে এগোলে দুই পাশে মিলবে সবুজ প্রকৃতি। কিছু দূর গিয়েই ঈশ্বরদী ইপিজেড। অনুমতি ছাড়া অবশ্য ইপিজেড ঘুরে দেখা যাবে না। তবে ইপিজেড পার হলেই সবুজের সমারোহ। শত বছরের পুরোনো শতাধিক বিশাল আকৃতির কড়ইগাছ দেখা যাবে এখানে। জায়গাটি বাংলাদেশ রেলওয়ের। এখানে আছে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়। হার্ডিঞ্জ ব্রিজ তৈরির পর ব্রিটিশরাই তৈরি করেছিলেন এই কার্যালয়। তখনই রোপণ করা হয়েছিল কড়ইগাছগুলো। লালরঙা ভবনগুলোর সঙ্গে এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গাছগুলো।

ঘুরতে ঘুরতে কালের সাক্ষী দেশের প্রথম ন্যারো গ্রেজ ট্রেনটি দেখে নিতে পারেন। ১৮৯৮ সালের ১৪ ফেব্রুয়ারি রূপসা-বাগেরহাট রুটে প্রথম এই ট্রেনটি চালু করা হয়েছিল। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ের সামনে দর্শনার্থীদের জন্য ট্রেনটি প্রদর্শন করে রাখা হয়েছে। ট্রেনটির পাশে রাখা হয়েছে মুক্তিযুদ্ধ চলাকালে হার্ডিঞ্জ ব্রিজের ওপর নিক্ষেপ করা বোমার অংশবিশেষ।

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে নতুন শহর। নতুন করে তৈরি হয়েছে ডজনখানেক রেস্তোরাঁ। এসব রেস্তোরাঁয় বাঙালি খাবারের পাশাপাশি থাই, চায়নিজ এমনকি মিলবে রুশ খাবার। প্রায় ছয় হাজার রুশ নাগরিকের বাস এই এলাকাতে। তৈরি হয়েছে তাঁদের জন্য ‘ গ্রিন সিটি’ নামের আবাসিক এলাকা। এখানে এলে মনে হবে যেন এক খণ্ড রাশিয়া।

দুপুর গড়িয়ে বিকেল হলে পাকশীর সৌন্দর্য অনেকটা বেড়ে যায়। তাই এই সময়টা পাকশীতে বেড়ানোর জন্য উত্তম। হাজার হাজার লোহার খণ্ড এক করে যেন নান্দনিকভাবে প্রকৌশলীরা তৈরি করেছেন হার্ডিঞ্জ ব্রিজ। পাকশী স্টেশন থেকে নামলেই হার্ডিঞ্জ ব্রিজের তলদেশ। পদ্মার পাড়। পাশাপাশি দুই সেতু। সেতুর নিচেই চর পড়েছে। মূলত এ চরেই বিকেলে ভিড় জমে পর্যটকদের। নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার প্রতীক্ষা করেন অনেকে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে রয়েছে নৌকাভ্রমণের সুযোগ। সেখানে নৌকা চালিয়ে অন্যদের মধ্যে জীবিকা নির্বাহ করেন নয়ন হোসেন। তিনি বলেন, প্রতিজন ৫০ টাকায় ২৫ জন পর্যন্ত একটি নৌকায় ভ্রমণ করা যাবে। পুরো নৌকাটি ভাড়া নিতে চাইলে গুনতে হবে ৭০০ থেকে ১০০০ টাকা।

পদ্মায় ভেসে ভেসে দেখা যাবে হার্ডিঞ্জ ব্রিজ, লালনশাহ সেতু ও নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। মিলবে নদীতে মাছ ধরার দৃশ্য, হরেক রকম পাখির ছুটে বেড়ানো। সব মিলিয়ে মন মাতবে এক চরম তৃপ্তিতে। ঘুরতে ঘুরতে বেলা গড়িয়ে নদীপাড়ে দাঁড়িয়ে দেখে নেওয়া যাবে সূর্যাস্ত।