রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিল্পকর্ম প্রদর্শনী শুরু

প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছেলে স্থপতি ময়নুল আবেদিন। আজ মঙ্গলবার চারুকলা অনুষদে
ছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তিন দিনব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে চারুকলা প্রাঙ্গণে এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছেলে স্থপতি ময়নুল আবেদিন। অনুষদ প্রাঙ্গণে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী আয়োজন করেছে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ, দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি ছিলেন সহ–উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান প্রামাণিক। অনুষ্ঠানে চারুকলার আট শিক্ষার্থীকে বনিজুল হক স্মৃতি পুরস্কার ও আসাদুল ইসলাম স্মৃতি পুরস্কার দেওয়া হয়।

স্থপতি ময়নুল আবেদিন বলেন, ‘ভালো শিল্পী হতে হলে ভালো মনের মানুষ হতে হবে। তাহলে মানুষের কাছ থেকে ভালো প্রতিদান পাওয়া যাবে। বড় কাজ, ছোট কাজ বিষয় নয়। আজ এখানে শিক্ষার্থী-শিক্ষকদের কাজ দেখলাম। অনেক ভালো লেগেছে। আশা করি, শিক্ষার্থীরা আরও ভালো কাজ করবেন।’

উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘এখানে প্রদর্শিত বিভিন্ন শিল্পকর্মে ইতিহাস খুঁজে পাওয়া যায়, ঐতিহ্য খুঁজে পাওয়া যায়। আমাদের দেশে প্রাচীন ঐতিহ্য পাহাড়পুর-মহাস্থানগড় আছে। এগুলোর ইতিহাস, ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। এ ক্ষেত্রে চারুকলার সব অনুষদ যদি একসঙ্গে কাজ করে তাহলে আমাদের ইতিহাস আরও সমৃদ্ধ হবে।’

তিন দিনব্যাপী উন্মুক্ত এই প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে

মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি অধ্যাপক নূরুল আমীন জানান, প্রদর্শনীতে ৬১ জন শিল্পীর ৭১টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শিল্পকর্মগুলো সিমেন্ট, পাথর, টিন, লোহা, কাঠ, পোড়ামাটির তৈরি। আজ বিকেল চারটায় ‘ডকুমেন্টা ফিফটিন’ প্রবন্ধ উপস্থাপন করবেন শিল্পী ময়নুল ইসলাম পল। তিন দিনব্যাপী উন্মুক্ত এই প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।