
মাদারীপুরের রাজৈরে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাজিতপুর ইউনিয়নের কিসমদ্দি এলাকার একটি বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই তরুণের নাম শাহীন শেখ (২৮)। তিনি বাজিতপুর এলাকার মোস্তফা শেখের ছেলে। তিনি ওই এলাকার মুরগি ব্যবসায়ী সোহেল হাওলাদার হত্যা মামলার পাঁচ নম্বর আসামি ছিলেন।
পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহীন শেখের বাড়ির লোকজন অন্যত্র বেড়াতে গিয়েছিলেন। তিনি রাতের খাবার খেয়ে ঘরে একা ঘুমিয়ে পড়েন। আজ সকালে রাজৈর উপজেলার চৌরাশি এলাকার একটি বাগানে শাহীনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে নিহত তরুণের স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে বেশ কিছুদিন ধরে শাহীনকে হত্যার হুমকি দিয়ে আসছিল প্রতিপক্ষের লোকজন। এর জেরে বাড়ি থেকে রাতে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে শাহীনকে।
শাহীনের চাচাচো ভাই জব্বার শেখ বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। কারা আমার ভাইয়ের হত্যার সঙ্গে জড়িত, তাদের বিচার চাই। পুলিশের কাছে দাবি, দ্রুত সময়ের মধ্যে যেন তাদের খুঁজে বের করা হয়।’
রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় ঘোষ প্রথম আলোকে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যা। নিহত তরুণের গলা কেটে ও দুই পায়ের রগ কেটে নৃশংসভাবেভাবে হত্যা করা হয়েছে। তাঁর পেটেও ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে।
ওসি আরও বলেন, নিহত তরুণ ওই এলাকার একটি হত্যা মামলার পাঁচ নম্বর আসামি। প্রতিপক্ষের লোকজন হত্যা মামলা থেকে বাঁচতে এ ঘটনা ঘটিয়েছে কি না, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। পুলিশ গুরুত্বসহ বিষয়টি নিয়ে কাজ করছে।