
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে মুঠোফোনে প্রশ্নপত্র পাওয়ার অভিযোগে এক পরীক্ষার্থীর বাবাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলার বাঁশতৈল মনসুর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান এ দণ্ড দেন।
কারাদণ্ড পাওয়া ওই ব্যক্তির নাম ইয়াছিন সিকদার। তিনি উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশতৈল মনসুর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ নেতা ইয়াছিন সিকদারের ছেলে তামিম সিকদার এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে। শনিবার পদার্থবিজ্ঞান পরীক্ষা চলছিল। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর ইয়াছিন সিকদারের মুঠোফোনে প্রশ্নপত্র চলে আসে। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত কেন্দ্রের কাছে অভিযান চালান। এ সময় ইয়াছিন সিকদারের মুঠোফোন জব্দ ও তাঁকে আটক করা হয়। পরে ঘটনার সত্যতা পাওয়া গেলে তাঁকে দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও মো. হাফিজুর রহমান জানান, পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০-এর ১১(খ), (গ) ধারায় ওই ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে। মির্জাপুর থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, কারাদণ্ড পাওয়া ওই ব্যক্তিকে টাঙ্গাইলের জেলা কারাগারে পাঠানো হয়েছে।