
কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পদচারী–সেতু আছে। মানুষ সময় বাঁচাতে এই সেতুতে না উঠে হেঁটে মহাসড়ক পারাপার হচ্ছে।
পাশেই পদচারী–সেতু। কিন্তু শত শত মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছেন। এতে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এই চিত্র ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার।
দুর্ঘটনা এড়াতে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অনেক উঁচু করে সড়ক বিভাজক তৈরি করলেও শিক্ষার্থী, পোশাকশ্রমিকসহ স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। অথচ পাশেই সড়ক ও জনপথ বিভাগের পদচারী–সেতু (ফুটওভারব্রিজ) নির্মাণ করে দিয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পল্লী বিদ্যুৎ বাসস্ট্যান্ডের কাছে গিয়ে দেখা যায়, এক নারী ওই এলাকার পদচারী সেতুতে না উঠে ঝুঁকি নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছেন। তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন একইভাবে মহাসড়ক পার হলেন।
এভাবে ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ার কারণ জানতে চাইলে স্থানীয় মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা আসমা বেগম বলেন, ‘ফুট ওভারব্রিজটা বাসস্ট্যান্ড থেকে অনেক দূরে। বাস থেকে নেমে সেখানে হেঁটে গিয়ে রাস্তা পারাপার হতে অনেকটা সময় লাগে। যে কারণে সময় বাঁচাতে ঝুঁকি নিয়েই সড়ক পারাপারে অভ্যস্ত হয়ে পড়েছি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন আসমা বেগমের মতো শত শত মানুষ ঝুঁকি নিয়ে চন্দ্রা পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ডের রাস্তা পার হচ্ছেন। পদচারী সেতু থাকলেও তার ওপর দিয়ে মানুষের যাতায়াত খুবই কম।
গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহামদ সরকার বলেন, দেশের ব্যস্ত মহাসড়কগুলোর মধ্যে অন্যতম এটি। এর আগে দুই লেন থাকার সময় গাজীপুরের ভোগড়া, কড্ডা, কোনাবাড়ী, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর এবং টাঙ্গাইলের হাঁটুভাঙ্গা, মির্জাপুর, জামুর্কি, এলেঙ্গা প্রভৃতি এলাকায় দীর্ঘ যানজট ছিল নিত্যদিনের ঘটনা। ঘণ্টার পর ঘণ্টা আটকা থেকে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হতো। সড়ক পারাপারের জন্য প্রতিটি বাজার ও ব্যস্ততম এলাকায় নির্মাণ করা হয়েছে পদচারী–সেতু।
সড়ক ও জনপথ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসস্ট্যান্ড এলাকাগুলোতে মানুষের জীবনের ঝুঁকি কমানোর জন্য সম্প্রতি সওজ এই পদচারী সেতুটি নির্মাণ করেছে। শুধু চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় নয়, প্রতিটি বাজার, স্কুল-কলেজের সামনে ও ব্যস্ততম এলাকায় নির্মাণ করা হয়েছে পদচারী সেতু।
চন্দ্রা এলাকার ডিভাইন টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিক মোশারফ হোসেন বলেন, ‘বাস ড্রাইভার ফুটওভারব্রিজ থেকে আরও সামনে এসে নামিয়ে দিয়েছেন। এখন যদি আবার ঘুরে ব্রিজের কাছে যাই, তাহলে সময়ও লাগবে, তাই সবার সঙ্গে ঝুঁকি নিয়েই রাস্তা পার হচ্ছি। শর্টকাট নিচে দিয়ে পার হলে কষ্ট ও সময় কম লাগে।’
কোনাবাড়ী (সালনা) ওসি আতিকুল ইসলাম জানান, ‘কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকা হয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এ জন্য যাত্রীদের সুবিধার জন্য সড়ক ও জনপথ বিভাগ একটি পদচারী সেতু নির্মাণ করে দিয়েছে। মানুষ সেই সেতু দিয়ে পারাপার না হয়ে ঝুঁকি নিয়ে সড়ক বিভাজকের ওপর দিয়ে পারাপার হচ্ছে। আমরা নিষেধ করলেও মানুষকে শোনাতে পারছি না।’
এ বিষয়ে গাজীপুর বিআরটিএর সহকারী পরিচালক আবু নাইম বলেন, পদচারী সেতু থাকা সত্ত্বেও মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। পদচারী–সেতু ব্যবহারের জন্য আমরা বিভিন্ন সময়ে প্রচার–প্রচারণা চালালেও তেমন ফল পাওয়া যাচ্ছে না।