
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় খালার বাড়ি থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় বালুবাহী ট্রলিচাপায় মো. রেহান শেখ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার দৌলতদিয়া ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে।
রিহান গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের রেজাউল শেখের ছেলে। সে দৌলতদিয়া মাদরাসাতুল সাবিইল হাসানের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
শিশু রিহানের বাবা রেজাউল শেখ বলেন, গতকাল শনিবার বিকেলে বাড়ি থেকে পিঠা খাওয়ার চাল নিয়ে সাইকেল চালিয়ে খালার বাড়ি বেড়াতে যায় রিহান। এর পর থেকে তাঁর সঙ্গে আর দেখা হয়নি। আজ দুপুর ১২টার দিকে তিনি দুর্ঘটনার খবর পান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাচালক রেজাউল শেখের দুই মেয়ে ও দুই ছেলের মধ্যে রিহান দ্বিতীয়। শনিবার বিকেলে পিঠা খাওয়ার চাল নিয়ে উপজেলার দৌলতদিয়া যদু ফকিরপাড়া খালার বাড়ি বেড়াতে যায় রিহান। আজ রোববার দুপুর ১২টার দিকে রিহান সাইকেল চালিয়ে দৌলতদিয়া ব্যাপারীপাড়া হয়ে ইটের রাস্তা দিয়ে নিজ বাড়ি ফিরছিল। বাড়ি থেকে ৫০০ গজ দূরে স্থানীয় শাজাহান শেখের মুরগির খামারের সামনে পৌঁছালে পেছন থেকে একটি বালুবাহী ট্রলি তাকে চাপা দেয়। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলে সে মারা যায়।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ ইমামুজ্জামান বলেন, শিশুটির লাশের সুরতহাল শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।