
বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর স্টিল মিলের সামনে দুটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং হরতালে ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে তাঁদের পদ-পদবি জানা যায়নি।
এ ব্যাপারে বন্দর থানার উপপরিদর্শক ফয়েজ আহাম্মেদ ও কামতাল তদন্ত কেন্দ্রে উপপরিদর্শক আল ইসলাম বাদী হয়ে পৃথক দুটি মামলা রুজু করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিদার হোসেন, আজিম আহাম্মেদ, নজরুল ইসলাম, মুসা, সাইফুল ইসলাম, জাকির হোসেন, মানিক, মামুন, সালাম, মিন্টু, রফিজ উদ্দিন, আক্তার হোসেন, আমিনুল পলাশ, উজ্জল।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
থানা-পুলিশ সূত্র জানায়, গত ২৮ অক্টোবর বিএনপির ডাকা হরতালে বন্দর উপজেলার ফুলহর এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। ১ নভেম্বর অবরোধ চলাকালে বন্দর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর স্টিল মিল এলাকায় দুটি পিকআপ ভ্যানের অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।