
কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী নতুন কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমানকে আবারও সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ মঙ্গলবার সৈকততীরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল শুরু হয়। বিকেলে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
দলের কয়েক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৬ সালের ২৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়। ওই দিন কেন্দ্র থেকে সিরাজুল মোস্তফাকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের কমিটি দেওয়া হয়।
২০২০ সালের ২৫ নভেম্বর কমিটির সভাপতি সিরাজুল মোস্তফাকে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক করা হয়। সভাপতির দায়িত্ব পান কমিটির সহসভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।
জেলার একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এবার দীর্ঘ সাত বছর পর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। কাউন্সিল অধিবেশন ছাড়াই নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। যদিও তৃণমূলের নেতা–কর্মীরা চেয়েছিলেন কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হোক।
ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আজ বেলা সাড়ে ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশারফ হোসেন। বেলা আড়াইটার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।