সিরাজগঞ্জের রায়গঞ্জ

ফুটবলে স্বপ্ন বুনছে তারা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কিশোরীরা বিভাগীয় পর্যায়ের ফুটবলে বড় সাফল্য পেয়েছে। নিমগাছী উচ্চবিদ্যালয় মাঠে গত শুক্রবার
ছবি: প্রথম আলো

সকাল সাড়ে আটটা। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী উচ্চবিদ্যালয়ের মাঠে গত শুক্রবার ফুটবল খেলা অনুশীলন করছিল কয়েকজন কিশোরী। তাদের প্রশিক্ষণ দিচ্ছেন জেলার একসময়ের কৃতী ফুটবল খেলোয়াড় ইমদাদুল হক।

এ কিশোরী খেলোয়াড়েরা দরিদ্র পরিবারের সন্তান। অভাব-অনটনের মধ্যেও তারা অনুশীলন চালু রেখেছে। সে ফলও তারা পাচ্ছে। সদ্য সমাপ্ত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তাদের সাফল্য ছিল ঈর্ষণীয়। এ ফুটবল ঘিরেই তারা এখন নতুন স্বপ্ন বুনছে।

১৮ নভেম্বর রাজশাহী বিভাগীয় পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালিকা অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা হয়। সে ম্যাচের একমাত্র গোলদাতা ছিল অয়ন্ত বালা মাহাতো। তার গোলে নওগাঁ জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ। এ টুর্নামেন্টে সর্বোচ্চ ১৬টি গোল করে সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছে সে। তাড়াশ উপজেলার বিষমডাঙা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী অয়ন্ত দুই বোনের মধ্যে ছোট। তার বাবা মনিলাল মাহাতো ও মা শেফালী রানী মাহাতো কৃষিকাজ করেন। অয়ন্তের আশা, ফুটবলে সে দেশসেরা হবে একদিন।

গোলকিপার সুস্মিতা রানী মাহাতো বিষমডাঙা গার্লস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। দুই বোনের মধ্যে বড় সে। বাবা সুশীল চন্দ্র মাহাতো আর মা রিনা রানী মাহাতো মাঠে কাজ করেন। গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সুস্মিতা ২০টি গোল ঠেকিয়ে দিয়েছে বলে জানা যায়। জাতীয় দলের কৃষ্ণা সরকার তার প্রিয় খেলোয়াড়। সুস্মিত বলে, ‘বাড়িতে টেলিভিশন নেই। তাই কৃষ্ণা সরকারদের খেলা দেখতে ছুটতে হয় পাশের কোনো বাড়িতে। আমার স্বপ্ন একদিন জাতীয় দলে কৃষ্ণার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলব।’

অনামিকা রানী ওরাঁও জানায়, তার এক মামার উৎসাহে ফুটবল খেলায় মনোনিবেশ করেছে। অনামিকা বলে, ‘এখন পর্যন্ত আমাদের বড় অর্জন বিভাগে শ্রেষ্ঠ হওয়া।’

কোচ ইমদাদুল হক বলেন, সিরাজগঞ্জের অনূর্ধ্ব-১৭ বালিকা দলে রায়গঞ্জ উপজেলার আটজন জায়গা করে নিয়েছে। তারা সবাই সিরাজগঞ্জ জেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রমীলা ক্রীড়া একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে। ২০১০ সালে স্থানীয় সাবেক ফুটবল খেলোয়াড় চিত্তরঞ্জন মাহাতো এ একাডেমি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি পরিচালনা করছেন নিহার রঞ্জন মাহাতো। একাডেমিতে বর্তমানে বিভিন্ন বয়সের ৩৭ জন খেলোয়াড় প্রশিক্ষণ নিচ্ছে।

একাডেমির পরিচালক নিহার রঞ্জন মাহাতো বলেন, অনেক না পাওয়ার মধ্যেও শুধু ইচ্ছাশক্তিকে সম্বল করে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এসব মেয়ে ফুটবলে ভালো করছে। তাদের কল্যাণে সবার কাছে সহযোগিতা কামনা করেন তিনি।

মাহাতোদের কুড়মালি ভাষার লেখক ও প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক উজ্জল মাহাতো বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এসব কিশোরী নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েও ভালো খেলছে। এসব কিশোরী যাতে প্রশিক্ষণ চালিয়ে যেতে পারে, সে জন্য সবার সহযোগিতা দরকার।