মানিকগঞ্জ জেলা জজ আদালতের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার চর বেউথা এলাকার ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩৬)। তিনি শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের যমুনাবাদ এলাকার বেলায়েত হোসেনের ছেলে এবং মানিকগঞ্জ জেলা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে শহিদুল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, চর বেউথা এলাকার ওই বাসায় স্ত্রী ও এক সন্তানকে নিয়ে ভাড়ায় থাকতেন শহিদুল ইসলাম। গতকাল দিবাগত রাত ১২টার দিকে বাসার একটি কক্ষে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশী ও পরিবারের সদস্যরা। খবর পেয়ে রাত একটার দিকে ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, পারিবারিক কলহের কারণে ওই আইনজীবী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।