হালদায় আবারও ভেসে উঠল মৃত ডলফিন, পিঠে জখম

প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী
ফাইল ছবি: এস এম ইউসুফ উদ্দিন

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষিত চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে আবারও মরে ভেসে উঠেছে একটি ডলফিন। পিঠে ধারালো কিছুর আঘাতে জখম ডলফিনটিকে বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়েছে।

নদী–গবেষক ও হালদা রিচার্স অ্যান্ড ল্যাবরেটরি সূত্রে জানা গেছে, হালদায় এ নিয়ে গত ৫ বছরে ৪১টি মৃত ডলফিন উদ্ধার হয়েছে। এগুলোর বেশির ভাগের শরীরে আঘাতের চিহ্ন ছিল। হালদায় একের পর এক মৃত ডলফিন উদ্ধারের বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছেন প্রাণী ও হালদা–গবেষকেরা। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লালতালিকাভুক্ত অতি বিপন্ন প্রজাতির মিঠাপানির এই ডলফিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দক্ষিণ বাড়ীঘোনা এলাকার নদীর পাশে ডলফিনটি আটকে ছিল। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় লোকজন ডলফিনটিকে উদ্ধার করে ডাঙায় তুলে আনেন। পরে নৌ পুলিশের কর্মীরা গিয়ে এটি নদীর পাড়ে মাটিচাপা দেন। উদ্ধার হওয়া ডলফিনটির দৈর্ঘ্য ৪ ফুট ৮ ইঞ্চি ও প্রস্থ ১ ফুট ১ ইঞ্চি। এটির ওজন ২৫ কেজি ৩০০ গ্রাম। ডলফিনটি কয়েক দিন আগে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নদী–গবেষক মনজুরুল কিবরিয়া প্রথম আলোকে বলেন, আগে যেসব ডলফিন উদ্ধার করা হয়েছে, সেগুলোর প্রায় সব কটিতে আঘাতের চিহ্ন ছিল। এর মধ্যে কয়েকটি ডলফিন কুপিয়ে মেরে ফেলার ঘটনাও ঘটেছে। একের পর এক ডলফিন মৃত্যুর বিষয়টি হালদার জন্য অশনিসংকেত। ডলফিন নদীর সুস্থ পরিবেশের জন্য একটি সহায়ক প্রাণী।