কাঠের ট্রলারে সেন্ট মার্টিন দ্বীপ থেকে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ জেটি ঘাটে আসেন পর্যটকেরা। আজ দুপুরে
কাঠের ট্রলারে সেন্ট মার্টিন দ্বীপ থেকে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ জেটি ঘাটে  আসেন পর্যটকেরা।  আজ  দুপুরে

ঘূর্ণিঝড়ের প্রভাব

সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের কেউ কেউ ফিরছেন ঝুঁকি নিয়ে, অন্যদের ফেরার আকুতি

জাহাজ চলছে না, সাগরও উত্তাল। তবু কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন থেকে ফিরতে মরিয়া দ্বীপটিতে আটকে পড়া পর্যটকেরা। তাঁদের অনেকেই কাঠের ট্রলারে ঝুঁকি নিয়ে টেকনাফ হয়ে ফিরছেন। আর অন্যরা ফেরার আকুতি জানাচ্ছেন।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ গতকাল শুক্রবার দুপুরে ভারতের ওডিশা রাজ্যের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়টি আঘাত হানে। তবে এর প্রভাবে এখনো সাগর উত্তাল রয়েছে। তাই গত বৃহস্পতিবার থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। দ্বীপটিতে ওই দিন প্রায় দেড় হাজার পর্যটক আটকে ছিলেন। তাঁদের মধ্যে ১০টি ট্রলারে ৩০০ পর্যটক আজ শনিবার টেকনাফের শাহপরীর দ্বীপে ফিরেছেন এবং প্রায় ১ হাজার ২০০ পর্যটক দ্বীপটিতে রয়েছেন।

আটকে পড়া পর্যটকেরা গত মঙ্গলবার ও বুধবার কক্সবাজার শহরের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটি থেকে চারটি জাহাজে দ্বীপে গিয়েছিলেন। জাহাজগুলো হলো এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ।

স্থানীয় প্রশাসন ও পর্যটন–সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, আটকে পড়া পর্যটকেরা দ্রুত ফিরতে চাচ্ছেন। গতকাল দুপুর থেকে কয়েক শ পর্যটক দ্বীপের জেটিঘাটে গিয়ে কাঠের ট্রলারে টেকনাফ ফেরার চেষ্টা করেন। তবে ঝুঁকি বিবেচনা ও সরকারি নিষেধাজ্ঞার কারণে কোস্টগার্ডের সদস্যরা তাঁদের ট্রলারে উঠতে দেননি। আজ সকালেও কয়েক শ পর্যটক জেটিঘাটে অবস্থান নিয়ে কাঠের ট্রলারে টেকনাফ ফেরার আকুতি জানান। পরে কোস্টগার্ডের উপস্থিতিতে ১০টি ট্রলারে প্রায় ৩০০ পর্যটক টেকনাফের উদ্দেশে রওনা হন। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলারগুলো শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছায়।

ঝুঁকি জেনেও সেন্ট মার্টিন থেকে ট্রলারে ফিরছেন পর্যটকেরা। আজ দুপুরে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ জেটি ঘাটে

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাগর উত্তাল থাকায় কক্সবাজার থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্ট মার্টিনে আসতে পারেনি। তবে আজ সকালে ১০টি ট্রলারে প্রায় ৩০০ পর্যটক টেকনাফে ফিরে গেছেন এবং ১ হাজার ২০০ জনের বেশি পর্যটক দ্বীপের হোটেল–রিসোর্টে অবস্থান করছেন।

ফয়েজুল ইসলাম বলেন, তিন দিন ধরে আটকে পড়া পর্যটকদের মধ্যে বাড়ি ফেরার আকুতি দেখা যাচ্ছে। তাঁদের খোঁজখবর রাখা হচ্ছে। নিরাপত্তার বিষয়টিও নজরে রাখছে কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকে পড়া পর্যটকদের হোটেলভাড়া গতকাল থেকে অর্ধেক করা হয়েছে। যেসব কক্ষের ভাড়া দুই হাজার টাকা, তা এখন এক হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।

জাহাজমালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম প্রথম আলোকে বলেন, সেন্ট মার্টিনে আটকে পড়া দেড় হাজারের বেশি পর্যটককে ফিরিয়ে আনতে চারটি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। আজ সকালে জাহাজগুলো বাঁকখালী নদী থেকে সাগরে নামিয়ে রাখা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা পেলে সেগুলো সেন্ট মার্টিনে পাঠানো হবে।

বিআইডব্লিউটিএর চট্টগ্রাম বিভাগের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক নয়ন শীল বলেন, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা পেলে কক্সবাজার–সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল চালুর নির্দেশনা দেওয়া হবে।