
রাজশাহীতে ২৪ ঘণ্টা ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গতকাল বুধবার বিকেলে শুরু হয়ে আজ বৃহস্পতিবারও সমানতালে অব্যাহত আছে। ২৪ ঘণ্টায় ১৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া কার্যালয়। এ সময়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই কমেছে। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবেই এমনটা হচ্ছে বলে দাবি আবহাওয়াবিদদের।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউম ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূলে আঘাত হানে গত মঙ্গলবার। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরেই আকাশ মেঘলা। গতকাল থেকে দেশের বিভিন্ন স্থানের মতো রাজশাহীতেও শুরু হয় বৃষ্টি।
ডিসেম্বরে বৃষ্টির কারণে তাপমাত্রা কমে গেছে। শহরে জীবিকার কাজে আসা লোকজন গায়ে শীতের গরম পোশাক পরে বের হয়েছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরিজীবীও মোটা কাপড় পরেছেন। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে গেছেন শীতের কাপড়সহ ছাতা মাথায় দিয়ে।
রাজশাহী নগরের কুমারপাড়া এলাকায় রিকশাচালক আবুল হোসেনের সঙ্গে কথা হয়। পলিথিন মুড়িয়ে তিনি রিকশার সামনে ছাতা বেঁধে রিকশা চালাচ্ছেন। গায়ে শীতের পোশাকও জড়িয়েছেন। তিনি বলেন, বৃষ্টির মধ্যে যাত্রী ভালোই পাচ্ছেন। কিন্তু রিকশা চালাতে সমস্যা হয়। এখন ভিজলেই জ্বর হতে পারে।
রাজশাহী আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে গত মঙ্গলবার থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সেদিনও কয়েক ফোঁটা বৃষ্টি রাজশাহীতে হয়েছে। তবে গতকাল বিকেল চারটার পর থেকে ভারী বৃষ্টি শুরু হয়। গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ১৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই কয়েক দিনে তাপমাত্রা কমে এসেছে।
গত সোমবার রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ দিনের তাপমাত্রা ২১ দশমিক ৭ ডিগ্রিতে নেমে এসেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে মূলত এই বৃষ্টি। এটা দুই দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ কারণে দিনের ও রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে।