
পাবনায় এনজিওর কিস্তি দিতে বিলম্বের কারণে অপমান এবং সে কারণে অ্যাসিড পান করে আত্মহত্যার চেষ্টা করা রোজিনা খাতুন (৪৫) কথা বলতে পারছেন না। তাঁর কণ্ঠনালি পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এদিকে এ ঘটনায় ওই নারীর ছেলের দেওয়া এজাহারটি মামলা হিসেবে গতকাল রোববার রাতে রেকর্ড করেছে পাবনা সদর থানা-পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ওই নারীর জবানবন্দি গ্রহণের জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর কণ্ঠনালি পুড়ে ক্ষত সৃষ্টি হয়েছে। তাই তিনি কথা বলতে পারছেন না। ফলে জবানবন্দিও নেওয়া সম্ভব হয়নি।
ওসি বলেন, তাঁরা গত শুক্রবার রাতে ভুক্তভোগী নারীর ছেলের দেওয়া এজাহারটি পান। তবে মামলাটি কোন ধারায় করা হবে এ নিয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি হয়েছে। পরে অভিযোগ অনুযায়ী অপহরণ ও হুমকির মামলা হিসেবে এটি রেকর্ড করা হয়েছে। এই মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। এর আগে ওই নারীর অ্যাসিড পানের খবর পাওয়ার পর তাঁরা স্থানীয় বেসরকারি সংস্থা (এনজিও) প্রতিশ্রুতির দোগাছি শাখা ব্যবস্থাপক ইয়াহিয়া খান (৪৫) ও মাঠকর্মী শাহীদা খাতুনকে (৩৫) আটক করেছিলেন। পরে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। মামলা রেকর্ডের পর তাতে ওই দুজনকে নতুন করে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেছেন তাঁরা।
মাঠকর্মী শাহীদা খাতুন রোজিনা খাতুনকে কার্যালয়ে ধরে নিয়ে যান। সেখানে গিয়ে রোজিনা খাতুন ঋণের কিস্তি কমিয়ে দেওয়ার অনুরোধ জানান। কিন্তু ব্যবস্থাপক তাঁর অনুরোধ না শুনে অকথ্য গালিগালাজ করেন।
রোজিনা খাতুন পাবনা সদরের দোগাছি ইউনিয়নের আরিফপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী। আজ সোমবার সকালে রোজিনা খাতুনের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে কেউ নেই, তালাবদ্ধ। প্রতিবেশীরা জানান, ঘটনার পর থেকেই রোজিনা খাতুন হাসপাতালে ভর্তি। পরিবারের লোকজন তাঁর সঙ্গে। ফলে বাড়িটি তালাবদ্ধ রয়েছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে রোজিনার ছেলে হৃদয় হোসেন জানান, তাঁর মা পাঁচ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি কথা বলতে পারছেন না। চিকিৎসকেরা এখনো আশঙ্কামুক্ত কথাটি বলেননি।
মামলার এজাহার সূত্রে ও স্থানীয় লোকজের সঙ্গে কথা বলে জানা গেছে, মাস ছয়েক আগে রোজিনা খাতুন প্রতিশ্রুতি এনজিওর দোগাছি শাখা থেকে ৪৫ হাজার টাকা ঋণ নেন। এরপর তিনি সাপ্তাহিক ১ হাজার ৩০০ টাকা হারে ২৩ কিস্তিতে ২৯ হাজার ৯০০ টাকা পরিশোধ করেন। এরপর আর টাকা দিতে পারেননি। ফলে বেশ কিছুদিন বাড়ি ছেড়ে অন্যত্র ছিলেন। গত বৃহস্পতিবার সকালে তিনি বাড়িতে এলে মাঠকর্মী শাহীদা খাতুন লোকজন নিয়ে তাঁর বাড়িতে আসেন। এ সময় রোজিনা খাতুন ঋণ পরিশোধ না করতে পারায় ক্ষমা চেয়ে ঋণের কিস্তির পরিমাণ কিছুটা কমিয়ে দিতে অনুরোধ জানান। এতে মাঠকর্মী শাহীদা খাতুন রাজি হন না। তিনি রোজিনা খাতুনকে কার্যালয়ে ধরে নিয়ে যান। সেখানে গিয়ে রোজিনা খাতুন কার্যালয়ের ব্যবস্থাপকের কাছেও ঋণের কিস্তি কমিয়ে দেওয়ার অনুরোধ জানান। কিন্তু ব্যবস্থাপক তাঁর অনুরোধ না শুনে অকথ্য গালিগালাজ করেন। বিষয়টি আত্মসম্মানে আঘাত করে রোজিনা খাতুনের। তিনি বাড়িতে ফিরে বিকেলে অ্যাসিড পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
খবর পেয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ওই এনজিওর শাখা ব্যবস্থাপক ও এক মাঠকর্মীকে আটক করে পুলিশ। পরে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।
এ নিয়ে গতকাল ‘ঋণের কিস্তি দিতে না পারায় অপমান, আত্মহত্যার চেষ্টা’ শিরোনামে প্রথম আলোতে সংবাদ প্রকাশ হয়েছে।