বিদ্যুৎস্পৃষ্ট
বিদ্যুৎস্পৃষ্ট

ট্রান্সফরমার ‘চুরি’ করার চেষ্টা, সারা রাত লাশ হয়ে ঝুলে ছিলেন খুঁটিতে

রাজশাহীর বাঘায় বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন প্রামাণিক (৩৫) নামের এক যুবক মারা গেছেন। তিনি সারা রাত খুঁটিতে ঝুলে ছিলেন। খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল উপজেলার হামিদুকুড়া মাঠে গিয়ে লাশ নামানোর ব্যবস্থা করেন।

মামুন প্রামাণিক উপজেলার আড়ানী পৌর এলাকার গোচর মহল্লায় ভাদু প্রামাণিকের ছেলে। স্থানীয় মহসীন নামের এক ব্যক্তি সকালে মাঠে বেগুন তুলতে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটিতে তাঁর লাশ ঝুলে থাকতে দেখে লোকজন জড়ো করেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, মামুন যে খুঁটিতে উঠেছিলেন, তার পরের খুঁটিতেই ট্রান্সফরমার ছিল। সবার ধারণা, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে তিনি ওই খুঁটিতে উঠেছিলেন। আগের খুঁটি থেকে সংযোগ বিচ্ছিন্ন করার পর ট্রান্সফরমার নামাতে পরের খুঁটিতে উঠতেন। সে জন্য একটা বাঁশও এনেছিলেন। খুঁটির পাশে বাঁশটি পড়ে আছে। তিনি লাইনের একটি তার কেটেছিলেন। আরেকটি কাটতে গিয়ে হয়তো তিনি কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। কাজ শুরু করার আগে গামছা দিয়ে নিজেকে খুঁটির সঙ্গে বেঁধে নিয়েছিলেন। তাতেই ঝুলে ছিলেন সারা রাত।

আজ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মামুনের শ্যালক সোহরাব হোসেন। তিনি বলেন, তাঁর ভগ্নিপতির কাজই হচ্ছে চুরি করে বেড়ানো। তাঁর ব্যাপারে তাঁদের কোনো দাবি নেই।

মামুনের স্ত্রী শাহানাজ বেগম বলেন, তাঁদের সংসারে দুটি ছেলে–মেয়ে আছে। স্বামীর বেপরোয়া জীবনযাপনের কারণে তিনি শ্বশুরবাড়িতে থাকতে পারেন না। সন্তানদের মানুষ করতে তিনি বাবার বাড়িতে থাকেন। প্রতিদিন সকালে ঈশ্বরদী ইপিজেডে কাজে যান। গতকাল বৃহস্পতিবার সকালে স্বামী এলাকার বাইরে কাজে যাওয়ার কথা বলে তাঁর কাছ থেকে এক হাজার টাকা নেন। বিকেলে কয়েকবার ফোন দিয়েছিলেন। কিন্তু তিনি ভটভটিতে থাকায় বুঝতে পারেননি। গাড়ি থেকে নেমে ফিরতি কল করলে স্বামী জানান, তাঁর শরীরটা খারাপ। কাজে যাওয়া হয়নি। তিনি আড়ানীতে (নিজ গ্রামে) গেছেন। এটাই ছিল তাঁর সঙ্গে শেষ কথা।

ধারণা করা হচ্ছে, কাজের কথা বলে বাড়ি থেকে টাকা নিয়ে বিদ্যুতের তার কাটা ও অন্যান্য সরঞ্জাম কিনেছিলেন। খুঁটিতে ওঠার জন্য লোহার রড জোগাড় করেছিলেন। সেগুলো ঘটনাস্থলেই পাওয়া গেছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে তাঁর হাত দুটি পুড়ে কালশিটে হয়ে গেছে।

বাঘা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রফিকুল ইসলাম চৌধুরী বলেন, সকাল ৭টা ২০ মিনিটের দিকে তাঁরা খবর পেয়েছেন। প্রায় ১০ মিনিটের মধ্যে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। তারপর পুলিশ ও পল্লী বিদ্যুতের লোকজন আসার পর সাড়ে আটটার দিকে লাশ নামানো হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল হক প্রথম আলোকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।