রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ১৬তম দিনের মতো কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হয়েছে। আজ শুক্রবার ভোর সোয়া পাঁচটার পর থেকে সকাল সাড়ে ৮টার পর পর্যন্ত প্রায় সোয়া তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথেও কুয়াশায় ফেরি চলাচল ব্যহত হয়। এই নৌপথে সকাল ৬টার পর থেকে সাড়ে ৮টা পর্যন্ত আড়াই ঘণ্টা ফেরি বন্ধ ছিল। এই দুই নৌপথে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় উভয় ঘাটে আটকা পড়ে বেশ কিছু পণ্যবাহী গাড়িসহ অন্যান্য যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, চলতি মৌসুমে ভারী কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া আর আরিচা-কাজিরহাট নৌপথে ১৬ দিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রায় প্রতিদিন মধ্যরাত থেকে পরদিন অনেক বেলা পর্যন্ত ফেরি বন্ধ থাকছে। বিশেষ করে মাঝনদীতে ফেরি আটকা পড়ায় তীব্র শীত আর কুয়াশার মধ্যে যাত্রী আর যানবাহনচালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
সংস্থাটি আরও জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এই মৌসুমে ১৬ দিনে প্রায় ৮০ ঘণ্টার মতো ফেরি চলাচল বন্ধ ছিল। অপর দিকে আরিচা-কাজিরহাট রুটে গত ১২ দিনে ফেরি বন্ধ ছিল প্রায় ৯০ ঘণ্টা।
আজ শুক্রবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট ঘুরে দেখা যায়, ফেরিঘাট সড়কে ফেরিতে উঠতে কিছু গাড়ি লাইন ধরে অপেক্ষা করছে। এ ছাড়া অধিকাংশ ফেরি যানবাহন বোঝাই করে ঘাট ছাড়ার অপেক্ষা করছে। সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাট থেকে বনলতা নামক ইউটিলিটি ফেরি পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। পাশাপাশি পাটুরিয়া ঘাট থেকেও একটি রো রো ও একটি ইউটিলিটি ফেরি ঘাটে ভিড়ে যায়।
এর আগে কুয়াশায় ফেরি বন্ধ হলে দৌলতদিয়া ঘাটে ছয়টি ও পাটুরিয়া ঘাটে পাঁচটি ফেরি নোঙর করে ছিল।
পাটুরিয়া প্রান্তে ব্যক্তিগত গাড়ি নিয়ে মাগুরার উদ্দেশে ভোরে রওনা দিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আশিক প্রামাণিক। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর সকাল ৯টার দিকে ফেরিতে ওঠার সুযোগ পান তিনি।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ প্রথম আলোকে বলেন, দুই নৌপথে আজও ১৬তম দিনের মতো ফেরি চলাচল ব্যাহত হয়। তবে যানবাহনের চাপ না থাকায় খুব বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে না।