৬ হাজার ১২২টি ইলিশ বিক্রি করে ওই ট্রলারের জেলেরা পেয়েছেন ৯ লাখ ৪৫ হাজার টাকা
৬ হাজার ১২২টি ইলিশ বিক্রি করে ওই ট্রলারের জেলেরা পেয়েছেন ৯ লাখ ৪৫ হাজার টাকা

বঙ্গোপসাগরে এক ট্রলারের জালে ৬ হাজার ইলিশ, অন্য জেলেরাও ছুটছেন গভীর সমুদ্রে

বঙ্গোপসাগরে একটি ট্রলারে জেলেদের জালে ৬ হাজার ১২২টি ইলিশ মাছ ধরা পড়েছে। সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে প্রায় ৮০ কিলোমিটার গভীর সাগরে গতকাল শনিবার জাল ফেলে এসব ইলিশ পেয়েছেন জেলেরা। মাছগুলো আজ রোববার সকালে শহরের প্রধান পাইকারি মাছ বিক্রির বাজার বাঁকখালী নদীর নুনিয়াছটা ফিসারিঘাটে বিক্রি করে ট্রলারের জেলেরা পেয়েছেন ৯ লাখ ৪৫ হাজার টাকা। এতে মহাখুশি ট্রলারের ২১ জন জেলে।

এফবি মায়ের দোয়া নামে ট্রলারটির সেরাং (মাঝি) আবদুল নবী বলেন, সাত দিন আগে ট্রলার নিয়ে তাঁরা ২১ জন জেলে সাগরে নেমেছিলেন। মহেশখালী, কুতুবদিয়া চ্যানেলের বিপরীতে বিশাল সাগরের কোথাও ইলিশের সন্ধান পাচ্ছিলেন না তাঁরা। গত শুক্রবার ট্রলার নিয়ে তাঁরা ছুটে যান টেকনাফ ও সেন্টমার্টিন উপকূলের দিকে। সেখানে বেশ কিছু ইলিশ ধরা পড়ে। এরপর ইলিশের সন্ধানে তাঁরা সেন্টমার্টিন দ্বীপ থেকে পশ্চিম দিকে প্রায় ৮০ কিলোমিটার গভীর সাগরে জাল ফেলে পান ৬ হাজার ইলিশ। সব কটি ইলিশের ওজন ৯০০ গ্রামের বেশি হলে বেচাবিক্রি বেড়ে ১৫ লাখে দাঁড়াত। এখন পেয়েছেন ৯ লাখ টাকার বেশি।

ট্রলারের মালিক শহরের নুনিয়াছটার মো. নুরুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, শীতের ইলিশ, তাই ওজন কিছুটা কম। বেশির ভাগ ইলিশের ওজন ৭০০ থেকে ৮০০ গ্রাম। কিছু ইলিশের ওজন ৯০০ থেকে ৯৭০ গ্রাম। সব ইলিশ বিক্রি করে পাওয়া গেছে ৯ লাখ ৪৫ হাজার টাকা।

ট্রলারের জেলরা বলেন, গত দেড় মাস ধরে সাগরে কোনো ইলিশ ধরা পড়েনি। ট্রলার নিয়ে তিন দফায় তাঁরা (জেলেরা) ২৮ দিন সাগরে জাল ফেলেন, তাতে ইলিশের নাগাল পাননি ট্রলারটির জেলেরা। এখন এক ট্রলারে ৬ হাজার ইলিশ ধরা পড়ার খবরের শত শত ট্রলার সাগরে নেমে পড়ছে।

তিন ঘণ্টায় বেচাবিক্রি ৪০ হাজার ইলিশ

ফিসারিঘাটের মৎস্য অবতরণকেন্দ্রে আজ রোববার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত তিন ঘণ্টায় বেচাবিক্রি হয়েছে অন্তত ৪০ হাজার ইলিশ। এর মধ্যে শহরের নতুন ফিসারিপাড়ার আমির হোসেনের মালিকানাধীন একটি ট্রলারের ছিল ২ হাজার ৫০০ ইলিশ, নুনিয়াছটার ওসমান গণি টুলুর একটি ট্রলারের ৩ হাজার ৬০০ ইলিশ।

কক্সবাজার শহরের ফিসারিঘাটে বেচাবিক্রি হচ্ছে ইলিশ

ওসমান গণির এফবি নিশান ট্রলারের জেলে গিয়াস উদ্দিন বলেন, শীতের এই মৌসুমে ইলিশ ধরা পড়ে কম, কিন্তু এখন কেন ইলিশ ধরা পড়ছে বোধগম্য হচ্ছে না। যখন ইলিশ ধরার মৌসুম চলছিল (নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি) তখন ইলিশের নাগাল পাওয়া যায়নি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমনটা হচ্ছে কিনা গবেষণা দরকার। তিনি বলেন, ট্রলারের ৩ হাজার ৫০০ ইলিশ বিক্রি করে তাঁরা পেয়েছেন ৪ লাখ ২৫ হাজার টাকা। একবার ট্রলার সাগরে নামলে কমপক্ষে সাত দিন থাকতে হয়। এ রকম একটি ট্রিপের বিপরীতে খরচ যায় (জ্বালানি, খাবার) আড়াই লাখ টাকার বেশি।

আজ সকাল ১০টায় ফিসারিঘাটে গিয়ে দেখা গেছে, গভীর সমুদ্র থেকে ইলিশ ধরে ঘাটে ভিড়েছে ২০টির বেশি ট্রলার। প্রতিটি ট্রলারে ইলিশের পাশাপাশি রয়েছে সামুদ্রিক মাছ গুইজ্যা, মাইট্যা, রূপচান্দা, চাপা, রাঙাচকি, কামিলা, পোপা মাছ। ব্যবসায়ীরা ট্রলারের ইলিশ কিনে প্রথমে বরফ দিয়ে কার্টন ভর্তি করেন। তারপর ট্রাকবোঝাই করে সরবরাহ করছেন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।

ইলিশ সরবরাহ করছেন ফিসারিঘাট মৎস্য ঐক্য ব্যবসায়ী সমবায় সমিতির ২০ থেকে ২৫ জন সদস্য। সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও ইলিশ রপ্তানিকারক মো. জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, আজ সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১২ ট্রলারের প্রায় ৪০ হাজার ইলিশ কিনেছেন ব্যবসায়ীরা। কার্টনে ভরার পর ইলিশগুলো ট্রাকযোগে ঢাকায় পাঠানো হচ্ছে।

আজ রোববার ফিসারিঘাটে ৩৫০ থেকে ৪৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে কেজিতে ৩৫০ টাকায়, ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ৬৫০ থেকে ৭০০ টাকা, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ৮৫০ থেকে ৯০০ টাকা এবং ১০০০ গ্রামের বেশি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১০০০ থেকে ১১০০ টাকায়। স্থানীয় খুচরা বাজারে প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে আরও ১০০ থেকে ৩০০ টাকা বেশি দামে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, গত বছরের ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছিল। এর আগে ৬৫ দিনের নিষেধাজ্ঞাও পুরোপুরি মেনে চলেন ট্রলারের জেলেরা। এ কারণে সাগরে ইলিশের প্রজনন বেড়েছে দ্বিগুণ। এখন শীতকাল হলেও গভীর সাগরে ইলিশের দেখা পাচ্ছেন জেলেরা।

জেলা মৎস্য বিভাগের তথ্যমতে, গত অর্থবছরে জেলায় ইলিশ আহরণ হয়েছিল ৪০ হাজার ৪২৮ মেট্রিক টন। চলতি অর্থবছরে ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার মেট্রিক টন।

কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, সাগরে হঠাৎ ইলিশের সন্ধান পাওয়ার খবরে অন্যান্য জেলেরাও ট্রলার নিয়ে সাগরে নামতে শুরু করেছে। ইতিমধ্যে কয়েক শ ট্রলার ছুটছে গভীর সাগরের দিকে। জেলার টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার সদর, চকরিয়া ও পেকুয়ার ছোটবড় প্রায় ছয় হাজার ট্রলারের জেলে শ্রমিক আছে ১ লাখ ২০ হাজার।