উপজেলার রমনা মডেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মাসুম বিল্লাহ ও যুবলীগের নেতা মুকুল মিয়া বালু তুলছেন বলে অভিযোগ।

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের তীর থেকে অবৈধভাবে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা বালু তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এভাবে বালু তোলায় বর্ষা মৌসুমে নদের ডানতীর রক্ষা প্রকল্প, ঐতিহাসিক জোড়গাছ হাটসহ বাসন্তি গ্রামে নদীভাঙন শুরু হতে পারে আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাসন্তি গ্রামের কাছের ব্রহ্মপুত্র নদের তীরের এক কিলোমিটার এলাকা থেকে এক মাস ধরে বালু তুলছেন ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও একই ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মুকুল মিয়া। ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় তাঁদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পান না। তাঁরা খননযন্ত্র দিয়ে বালু তুলে একাধিক ট্রলি দিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করছেন।
স্থানীয় বাসিন্দা ফাহমিদুল হক বলেন, ‘ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু ব্যবসা দূর করা না গেলে বর্ষা মৌসুমে জোড়গাছ বাজার, বাসন্তি গ্রাম, মাঝিপাড়াসহ আশপাশের এলাকা নদীভাঙনের কবলে পড়বে। বালু ব্যবসায়ীরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পান না। দুই মাস আগেও আমি বালু উত্তোলন বন্ধের জন্য প্রতিবাদ করায়, বালু ব্যবসায়ীরা আমার ওপর চড়াও হন এবং আমাকে হুমকি দেন। ফলে আমি থানায় তাঁদের নামে জিডি করেছি। তবুও অবৈধ বালু ব্যবসা বন্ধ হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বা থানায় অভিযোগ দিয়েও প্রতিকার পাওয়া যায় না। তাঁরা অভিযান চালালে কয়েক দিন বালু উত্তোলন বন্ধ থাকে আবার দু–তিন দিন পরে শুরু করে।’
নাম প্রকাশ না করার শর্তে জোড়গাছ বাজার এলাকার একজন বাসিন্দা বলেন, ‘যাঁরা বালু উত্তোলন করছেন, তাঁরা রাজনৈতিকভাবে শক্তিশালী। ক্ষমতাসীন দলের নেতা। তাঁদের বিরুদ্ধে অভিযোগ করার সাহস কারও নেই। কিন্তু তাঁদের স্বার্থের বলি হবো আমরা। আগামী বন্যায় আমাদের ভবিষ্যত কী হবে, সেটা নিয়েই দুশ্চিন্তায় আছি।’
ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কথা অস্বীকার করে রমনা ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, ‘বাসন্তি গ্রামে ব্রহ্মপুত্র নদের তীরে বর্তমানে বালু উত্তোলনের আমার কোনো প্রজেক্ট নেই। কেউ আমার নাম ভাঙিয়ে বালু উত্তোলন করলে সে দায়ভার আমার নয়।’
তবে বালু উত্তোলনের কথা স্বীকার করে রমনা মডেল ইউনিয়নের যুবলীগ নেতা মুকুল মিয়া বলেন, ‘অবৈধভাবে বালুর ব্যবসার বিষয়টি সত্য নয়। এলাকার উন্নয়নের জন্য কিছু বালুর দরকার হয়, তখন একটু–আধটু বালু আনতাম। কিছুদিন থেকে বালু উত্তোলন বন্ধ আছে। জোড়গাছ বাজার মসজিদের কাজের জন্য ৪০০ ট্রলি বালু চেয়েছে। এর জন্য আবার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী জমির মালিক বাবলু ও জাহাঙ্গীরের সঙ্গে চুক্তি করে তাঁদের জমি থেকে বালু আনা হচ্ছে।’
এ বিষয়ে চিলমারীর ইউএনওমাহবুবুর রহমান বলেন, ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। উপজেলা প্রশাসন, চিলমারী নৌ পুলিশ, চথানা–পুলিশ এসব অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।