নারায়ণগঞ্জের সাইনবোর্ড

‘এক ঘণ্টা ধরে অপেক্ষা করছি, কিন্তু গাড়ি পাচ্ছি না’

ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পুলিশের তল্লাশি
ছবি: প্রথম আলো

ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে তল্লাশি করছে পুলিশ। পুলিশের তল্লাশির কারণে মহাসড়কে যানবাহন কম চলাচল করছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। আজ শুক্রবার সকাল থেকে মহাসড়কে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয়।

সরেজমিনে দেখা গেছে, সাইনবোর্ড এলাকায় ফতুল্লা মডেল থানার বিপুলসংখ্যক পুলিশ ও ডিবি পুলিশ সেখানে যানবাহনে তল্লাশি করছিল। এ ছাড়া পথচারী ও বিভিন্ন গন্তব্যের যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে। সকাল পৌনে ১০টার দিকে বিআরটিসির একটি দোতলা বাস সাইনবোর্ড এলাকায় থামিয়ে যাত্রী তোলার সময় পরিদর্শক মো. সহিদ ও ডিবি পুলিশের এক সদস্য দ্রুত চালিয়ে চলে যেতে বলেন। যাত্রী তোলার সময় ডিবি পুলিশের ওই সদস্য বিআরটিসির গাড়ির চালকের সহকারীকে লাঠি দিয়ে পায়ে আঘাত করলে দ্রুত বাসটি চলে যায়।

ঢাকাগামী যাত্রী আনোয়ার হোসেন বলেন, ‘কাকরাইলে যাব। এক ঘণ্টা ধরে গাড়ির জন্য সাইনবোর্ড এলাকায় অপেক্ষা করছি। কিন্তু গাড়ি পাচ্ছি না। অনেকক্ষণ পর কোনো গাড়ি এলেই থামতে না দিয়ে পুলিশ তাড়িয়ে দিচ্ছে, যাত্রীরা যেতে পারছে না।’

ঢাকার নিউমার্কেটে শাড়ির দোকানে কাজ করেন আবুল কাশেম। তিনি বলেন, ‘সবকিছু খোলা। কিন্তু পুলিশ গাড়ি চলতে দিচ্ছে না। ৪৫ মিনিট ধরে অপেক্ষা করছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না।’

সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় চেকপোস্টে যানবাহনে তল্লাশি চালাচ্ছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। এ সময় ঢাকাগামী দূরপাল্লার যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রোবাসে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ সময় যাত্রীদের জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে।

পুলিশের তল্লাশির কারণে মহাসড়কে যানবাহন কম, ভোগান্তিতে যাত্রীরা

কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া লাইন পরিবহনের বাস মৌচাক চেকপোস্ট এলাকায় থামিয়ে তল্লাশি করে পুলিশ। ওই বাসের চালক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কুমিল্লা থেকে আসার পথে কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দিতে তল্লাশি চালানো হয়েছে। আবার এখানে তল্লাশি করছে।

এই তল্লাশিচৌকির দায়িত্বে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, সন্দেহভাজন গাড়িগুলোতে তল্লাশি করা হচ্ছে। কাউকে আটক করা হয়নি।

তল্লাশির নামে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, পুলিশ রাতভর নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে। মহাসমাবেশে নেতা-কর্মীরা যাতে অংশ নিতে না পারেন, সে জন্য হয়রানি করছে, গ্রেপ্তার করছে। তারপরও নেতা-কর্মীরা বাধা অতিক্রম করে ঢাকায় ঢুকেছেন।

তবে অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না বলে দাবি সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফার। তিনি বলেন, অবৈধ কোনো কিছু বহন করে কেউ যাতে নিয়ে যেতে না পারে, এ কারণে তল্লাশি চালানো হচ্ছে। মহাসড়কের নিরাপত্তা জোরদার করা হয়েছে।