নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট

পদবঞ্চিতদের হামলায় ছাত্রলীগের দুই নেতা আহত

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট
ছবি: প্রথম আলো

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের নবগঠিত কমিটি নিয়ে দ্বন্দ্বে পদবঞ্চিতদের হামলায় দুই নেতা আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানটির ভেতরে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় তাঁদের মারধর করে আহত করা হয়। পরে দুই পক্ষ উত্তেজিত অবস্থায় ক্যাম্পাসে অবস্থান নিলে নরসিংদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত দুজন হলেন নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিম মিয়া ও সামস সিয়াম। তাঁরা দুজনই কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানটির চতুর্থ সেমিস্টারের ছাত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৫ নভেম্বর নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেন জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহজালাল আহাম্মেদ। ১৭ সদস্যের ওই কমিটিতে আসিফ সরকারকে সভাপতি ও রাকিব হাসানকে সাধারণ সম্পাদক করা হয়। এতে পদবঞ্চিত নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন।

অধ্যক্ষ রেজাউল করিম দুই পক্ষের নেতাদের নিয়ে বসে আগামীকালই বিষয়টি মিটমাট করা হবে জানালে পরিস্থিতি শান্ত হয়।

প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা জানান, আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিষ্ঠানটিতে চতুর্থ সেমিস্টারের মিডটার্ম পরীক্ষা চলছিল। ওই পরীক্ষায় অংশ নেন আজিম মিয়া ও সামস সিয়াম। পরীক্ষা শেষে কক্ষ থেকে বের হয়ে ক্যাম্পাস চত্বরে আসার পর দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের পথরোধ করেন ছাত্রলীগের একদল নেতা-কর্মী। তাঁদের নেতৃত্বে ছিলেন পদবঞ্চিত নেতা শরীফ, ফাহিম, তৌহিদ ও সাব্বির। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তাঁদের দুজনকে মাটিতে ফেলে উপর্যুপরি কিলঘুষি ও লাথি মারেন হামলাকারীরা। এতে তাঁরা দুজনই গলা ও বুকসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। খবর পেয়ে তাঁদের পক্ষের নেতা-কর্মীরা ঘটনাস্থলে এলে হামলাকারীরা চলে যান।

এ সময় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রেজাউল করিম নরসিংদী মডেল থানায় ফোন করে ঘটনা জানান। পরে ওই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন ফোর্স নিয়ে ক্যাম্পাসে হাজির হন। এ সময় আহত দুজনকে ক্যাম্পাসেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অধ্যক্ষ রেজাউল করিম দুই পক্ষের নেতাদের নিয়ে বসে আগামীকালই বিষয়টি মিটমাট করা হবে জানালে পরিস্থিতি শান্ত হয়।

এএসআই ইকবাল হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগ নেতাদের নিয়ে বসে ঘটনা আর বড় হতে দিইনি। প্রতিষ্ঠানটির উদ্যোগে দুই পক্ষকে নিয়ে এর সমাধান করা হবে, এমন নিশ্চয়তা পাওয়ার পর আমরা চলে আসি।’

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রথম আলোকে বলেন, ‘এখানে ছাত্রলীগের কোনো পক্ষ-বিপক্ষ নেই, আমরা সবাই ঐক্যবদ্ধ। আজকের এ হামলার ঘটনায় জড়িত ছিল জামায়াত-শিবিরের কিছু কর্মী-সমর্থক।’ এ নিয়ে কোনো প্রতিবেদন করার দরকার নেই জানিয়ে তিনি বলেন, ‘বিষয়টি আমরাই মিটমাট করে ফেলব।’

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রেজাউল করিম বলেন, ‘বিষয়টি এত বড় কিছু না, নিজেদের মধ্যে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছিল। ঘটনার পরপরই আমাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে এসে পরিস্থিতি সামাল দেয়। দুই পক্ষকে নিয়ে আমরা বসব, সবকিছু মিটমাট হয়ে যাবে। আমাদের এগুলো নিয়েই চলতে হয়।’