মৃত আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় মা নিহত, মেয়ে আহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর মেয়েও আহত হন। সোমবার বেলা তিনটার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের বান্ধবপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম ময়না বেগম (৫০)। তাঁর আহত মেয়ের নাম মালা আক্তার (১৯)। ময়না বেগম ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার নেয়ামতি গ্রামের আবদুল হক হাওলাদারের স্ত্রী।  

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে ময়না বেগম এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে বাবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া গ্রামে যান। সোমবার বিকেলে তিনি মেয়েকে নিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলে নাচনাপাড়া গ্রাম থেকে নিজের বাড়ি ফিরছিলেন।

বেলা তিনটার দিকে মঠবাড়িয়া উপজেলার বান্ধবপাড়া এলাকায় ঢাকা থেকে পাথরঘাটাগামী বরিশাল এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান ময়না বেগম। এরপর বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। আহত মালা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, বাসটির চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।