কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে স্বামী-স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন

আদালত
প্রতীকী ছবি

কুষ্টিয়ায় একটি ধর্ষণ মামলায় স্বামী-স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সাজা দিয়েছেন আদালত।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আজ বৃহস্পতিবার দুপুরে এক আসামির উপস্থিতিতে এই রায় দেন। আদালতের কৌঁসুলি আবদুল হালিম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কুমারখালী উপজেলার পূর্ব লাহিনীপাড়া গ্রামের বাসিন্দা শাহাদত হোসেন ওরফে স্বাধীন (৪৭), কুষ্টিয়া সদর উপজেলার কুতুব উদ্দিন আহম্মেদ সড়কের বাসিন্দা নুরুল ইসলাম ওরফে মন্টু (৫৭) ও নুরুল ইসলামের স্ত্রী বেদেনা খাতুন (৫০)। তাঁদের মধ্যে নুরুল ও বেদেনা পলাতক।

সাজাপ্রাপ্ত এক আসামি আদালতে উপস্থিত ছিলেন। দুজন পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে আসামি শাহাদত হোসেন এক মাদ্রাসাছাত্রীকে (১৪) কৌশলে কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় নিয়ে আসেন। ওই ছাত্রীকে আসামি নুরুল ইসলাম ও বেদেনা খাতুনের বাড়িতে নিয়ে গিয়ে একটি কক্ষের মধ্যে অবরুদ্ধ করে রাখেন শাহাদত। সেখানে শাহাদত তাকে ধর্ষণ করেন। সেখান থেকে ছাড়া পেয়ে ওই ছাত্রী তার পরিবারের কাছে সব খুলে বলে। পরে এ ঘটনায় ওই ছাত্রী নিজে বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় শাহাদত হোসেনসহ তিনজনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা করেন।

২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মামলাটি তদন্ত শেষে কুষ্টিয়া মডেল থানার তৎকালীন উপপরিদর্শক লিপন সরকার তিনজনের নামে আদালতে অভিযোগপত্র দেন।