
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ফসলের খেত থেকে হাতকড়া পরানো এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলার মাঝগাঁও উচ্চবিদ্যালয়ের পাশের একটি ফসলি জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
বিকেল পর্যন্ত ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাঁর মুখে আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশ তাঁর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
এর আগে গতকাল সোমবার রাত আটটার নাটোর সদর উপজেলার মাছদিঘা গ্রামের একটি কলাবাগান থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে তাঁর পরিচয় না পাওয়া গেলেও আজ জানা যায়, ওই যুবকের নাম মোমিন আলী (২৮)। তিনি শহরের বেলঘরিয়া এলাকার মো. আলীর ছেলে।
এলাকাবাসী ও বড়াইগ্রাম থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার মাঝগাঁও উচ্চবিদ্যালয়ের পাশের একটি ফসলি জমিতে হাতকড়া পরা এক যুবকের লাশ পড়ে ছিল। বেলা ১১টার দিকে কাজে গিয়ে খেতে লাশ দেখে পুলিশকে খবর দেন কৃষি শ্রমিকেরা। খবর পেয়ে বেলা তিনটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫ হবে। পেছনের দিকে মোড়ানো অবস্থায় ওই যুবকের দুই হাতে হাতকড়া পরানো ছিল। একই সঙ্গে রশি দিয়ে দুই পা ও গলা বাঁধা ছিল। পরনে ছিল জিনসের জ্যাকেট ও খাকি রঙের প্যান্ট। মুখ থেঁতলানো অবস্থায় উপুড় হয়ে পড়ে ছিল। লাশ উদ্ধারের সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরাও উপস্থিত ছিলেন। বিকেল চারটা পর্যন্ত লাশটি শনাক্ত করা সম্ভব হয়নি।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত যুবকের হাতে কীভাবে হাতকড়া এল সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে গতকাল রাতে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের মাছদিঘা গ্রামের একটি কলাবাগান থেকে মোমিন আলী নামের এক হোটেল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি কলার পাতা ও আগাছা দিয়ে ঢাকা ছিল। তিনি শহরের একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত তাঁকে হত্যার কারণ জানা যায়নি।