১৯ নভেম্বর রাজশাহীর মাধ্যমে এই প্রচারাভিযানের শুরু হয়। এরপর চট্টগ্রাম ও ঢাকায় এ বিষয়ে কর্মসূচি রয়েছে।
সিলেটের চা-বাগানগুলো নানা সমস্যায় জর্জরিত। এখানকার চা-শ্রমিক পরিবারের সন্তানদের লেখাপড়া নানা সংকটে বিঘ্নিত হচ্ছে। শিক্ষক ও বিদ্যালয়সংকট আছে। সমাজে সমতা তৈরি করতেই চা-শ্রমিকের সন্তানদের লেখাপড়া শিখিয়ে মূলধারায় নিয়ে আসা দরকার।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নিয়ে সিলেটে প্রচারাভিযানের মুক্ত আলোচনা পর্বে অংশ নিয়ে এভাবেই নিজের মতামত তুলে ধরে মিতা গোয়ালা। সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগানের বাসিন্দা মিতা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। প্রথম আলো ও ইউএনডিপির যৌথ আয়োজনে ‘এসডিজি প্রচারাভিযান-২০২২: যুব ও নারীদের প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা’ শিরোনামে গতকাল শনিবার এ কর্মসূচি পালন করা হয়। এ আয়োজনে সহযোগিতা করেছে প্রথম আলো বন্ধুসভা। ১৯ নভেম্বর রাজশাহীর মাধ্যমে এই প্রচারাভিযানের শুরু হয়। এরপর চট্টগ্রাম ও সবশেষ ঢাকায় এ বিষয়ে কর্মসূচি রয়েছে।
অর্থনীতিতে নারীদের স্বাবলম্বী হয়ে উঠতে হবে। অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য নারীদের নিয়মিত লড়তে হবে।স্বর্ণলতা রায়, সভাপতি, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
সকাল সাড়ে নয়টায় গরের পূর্ব শাহি ঈদগাহ এলাকার জেলা শিল্পকলা একাডেমি থেকে বের হওয়া শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে এসডিজি-সম্পর্কিত স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন পেশাজীবী ও সম্প্রদায়ের কয়েক শ মানুষ অংশ নেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে এসে শোভাযাত্রা শেষ হয়। পরে একাডেমির মিলনায়তনে আলোচনা হয়।
অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রচারাভিযানের সফলতা কামনা করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, প্রথম আলো দেশব্যাপী একটি প্রচারাভিযান শুরু করেছে লক্ষ্য অর্জনের জন্য। তিনি এ কাজের সঙ্গে আছেন, থাকবেন। কাজটি এ দেশের নারী ও যুবকদের জন্য অত্যন্ত জরুরি।
সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জামাল উদ্দিন ভূঞা। বক্তব্য দেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, ইউএনডিপি বাংলাদেশের প্রধান কারিগরি উপদেষ্টা ফকরুল আহসান, প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী, ইউএনডিপির এসসিফোরএসডিজি প্রজেক্ট অ্যাসোসিয়েট ফারহানা রাজ্জাক, প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায় ও সিলেটের সভাপতি হুমায়রা জাকিয়া। এ পর্ব সঞ্চালন করেন বন্ধুসভার নির্বাহী সভাপতি মৌসুমী মৌ ও উপদেষ্টা ফাল্গুনী মজুমদার
জামাল উদ্দিন ভূঞা বলেন, মানসিকতার পরিবর্তন না হলে বৈষম্য দূর করা যাবে না। আসলে নারী-পুরুষের বৈষম্যের বিষয়টি অনেক ক্ষেত্রেই পরিবার থেকে শুরু হয়। কর্মক্ষেত্রেও নারীরা সমান সুযোগ পাচ্ছেন না। এসডিজি বাস্তবায়নে সক্ষমতা দেখাতে হবে। যুবরা আন্তরিকতার সঙ্গে এই চেষ্টা করলে সফলতা আসবেই।
স্বর্ণলতা রায় বলেন, ‘অর্থনীতিতে নারীদের স্বাবলম্বী হয়ে উঠতে হবে। অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য নারীদের নিয়মিত লড়তে হবে। তবে এসডিজি বাস্তবায়নের পথে আমরা এগিয়ে চলেছি।’
ফকরুল আহসান বলেন, সরকার একা এসডিজি বাস্তবায়ন করতে পারবে না। এ জন্য বেসরকারি উদ্যোগ প্রয়োজন। এ জন্য নেতৃত্ব দিতে হবে যুবদের। সরকার যতই টাকা ঢালুক, যুব ও নারীদের এসব কাজে সম্পৃক্ত করতে না পারলে এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়।
ফিরোজ চৌধুরী বলেন, দেশের মোট জনগোষ্ঠীর অন্তত ৫০ ভাগ নারী। এ জনগোষ্ঠীকে পেছনে ফেলে উন্নয়ন কার্যকর রাখা যাবে না। কেবল মেয়েদের সচেতন হলেই হবে না, ছেলেদেরও সচেতন হতে হবে।
অনুষ্ঠানে ৪৩০ জন যুব ও নারী উপস্থিত ছিলেন। এর মধ্যে সিলেট, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের ভৈরব, ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, সিলেটের এমসি কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যরা ছাড়াও হিজড়া, হরিজন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, হুইলচেয়ার ইউজার ও চা-শ্রমিকেরা উপস্থিত ছিলেন।
পরে এসডিজি বিষয়ে অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। বিচারক ছিলেন শামসুল বাসিত শেরো, মার্জিয়া হোসাইন, মৌমিতা দে ও রিপন কুমার চন্দ। এ ছাড়া বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন আল আসাদ মো. মাহমুদুল ইসলাম, ফাল্গুনী মজুমদার, হাসান মাহমুদ ও শাফিন উজ জামান।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয় রুদ্র রায়। ইয়ানা জাহান দ্বিতীয় ও শ্রেয়সী দাশ তৃতীয় হয়। বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় মহুরা মৃণ্ময় প্রথম, তাহসীন রহমান দ্বিতীয় ও ফারিহা মালিহাত চৌধুরী তৃতীয় স্থান অর্জন করেন। বিকেলে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্ত।
শেষে সাংস্কৃতিক পর্বে বন্ধুসভার সদস্যরা ছাড়াও চা-বাগানের শিক্ষার্থীরা লাঠিনৃত্য পরিবেশন করেন। এ ছাড়া শিল্পী জয়িতা তালুকদার ও লিংকন দাস গান পরিবেশন করেন।