
বরিশাল নগরের একটি আবাসিক হোটেল থেকে নরসিংদীর এক ফল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বরিশাল কোতোয়ালি থানার পুলিশ। মো. রানা মিয়া ওরফে শাকিল (২১) নামের ওই ব্যবসায়ীর বাড়ি নরসিংদী শিবপুর উপজেলায়।
পুলিশ জানায়, নরসিংদী থেকে লটকন এনে বরিশালের বিভিন্ন আড়তে পাইকারি বিক্রি করতেন মারা যাওয়া রানা মিয়া। শুক্রবার সকালে নগরের পোর্ট রোডের সি প্যালেস নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। রানা মিয়া শিবপুর উপজেলার মো. বাছেদ মিয়ার ছেলে।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, রানা মিয়া নরসিংদী থেকে লটকন নিয়ে এসে নগরের পোর্ট রোড এলাকার বিভিন্ন ফলের আড়তে সরবরাহ করতেন। ২৪ জুলাই ভোরে তিনি লটকন নিয়ে বরিশালে এসে পোর্ট রোডের সি প্যালেস হোটেলের তৃতীয় তলার ২০৯ নম্বর কক্ষে উঠেছিলেন।
পোর্ট রোডের ভূঁইয়া বাণিজ্যালয়ের শ্রমিক মো. আসলাম জানান, মারা যাওয়া রানার মামা মো. জামাল নরসিংদী থেকে তাঁর ভাগনেকে মুঠোফোনে না পেয়ে শুক্রবার সকালে হোটেলের নিচে অবস্থিত ভূঁইয়া বাণিজ্যালয়ের তাঁকে (আসলাম) ফোন করে তাঁর ভাগনের খোঁজ নেওয়ার জন্য অনুরোধ করেন। এরপর শ্রমিক আসলাম হোটেলে গিয়ে রানার কক্ষের দরজায় ধাক্কাধাক্কি করে কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁকা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তাৎক্ষণিক আসলাম জানালে হোটেলের ব্যবস্থাপক বিষয়টি কোতোয়ালি থানায় জানায়। এরপর কোতোয়ালি থানার এসআই মো. সুমনের নেতৃত্বে একদল পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে রানার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই সুমন বলেন, কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রানা মিয়া আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে না।