ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৭ বাংলাদেশি তরুণী

যশোর জেলার মানচিত্র
যশোর জেলার মানচিত্র

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দেশে ফিরেছেন সাত বাংলাদেশি তরুণী। আজ সোমবার সন্ধ্যায় ভারতের বনগাঁ পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। তাঁদের বাড়ি খুলনা, মাগুরা ও নড়াইল জেলায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দেশে ফেরত আসা সাত বাংলাদেশি তরুণী দুই থেকে চার বছর আগে দেশের সীমান্ত দিয়ে ভারতে যান। ভারতের মহারাষ্ট্রের পুনে এলাকায় অবৈধভাবে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় সেখানকার পুলিশ তাঁদের আটক করে। ভারতের আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। পরে ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামের একটি প্রতিষ্ঠান আদালতের মাধ্যমে তাঁদের কারাগার থেকে বের করে নিজেদের শেল্টার হোমে রাখে। ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দীর্ঘদিন যোগাযোগের পর তাঁদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।

ওসি আবুল কালাম আজাদ বলেন, ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে আজ সন্ধ্যায় তাঁরা দেশে ফেরত আসেন। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁদের বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে আইনিপ্রক্রিয়া শেষে তাঁদের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠানের হেফাজতে দেওয়া হবে। সেখান থেকে নিজ নিজ অভিভাবকের কাছে তাঁদের তুলে দেওয়া হবে।