সূর্য উঠার আগেই কাকডাকা ভোরে তাঁদের নিয়মতি জেগে উঠা। একটাই লক্ষ্য। দৌড়াবেন, সুস্থ থাকবেন। দুই থেকে শুরু হওয়া সদস্যসংখ্যা একে একে পৌঁছেছে হাজারে। এক–দুদিন করতে করতে এভাবে দুই বছর পূর্ণ করেছে ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটি (বিআরসি)। তিন বছরে পদার্পণ উপলক্ষে সামাজিক এই সংগঠন আজ শনিবার আয়োজন করে ‘আনন্দদৌড়ের’। যেখানে ২, ৫ ও ১০ কিলোমিটার দীর্ঘ দৌড়ে অংশ নেন শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা।
বিআরসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দদৌড় প্রতিযোগিতায় অংশ নিতে আজ সূর্য উঠার আগেই ভোর সাড়ে পাঁচটা থেকে বিভিন্ন বয়সের নানা পেশার মানুষ জেলা শহরের টেংকের পাড় মাঠে জড়ো হন। এরপর চলে ওয়ার্ম আপ। সকাল ৬টা থেকে আনন্দ রানের ২, ৫ ও ১০ কিলোমিটার দৌড় শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিভূতি ভূষণ দেবনাথ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান দিলারা আক্তার খান, ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির প্রধান দুই উদ্যোক্তা সংগঠনের এডমিন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক রাজন মিয়া ও দৌড় প্রতিযোগিতার পরিচালক আখাউড়া শহীদ স্মৃতি কলেজের প্রভাষক অলি আহাদ।
টেংকের পাড় থেকে শহরের তিতাস নদীর বুক চিড়ে হওয়া নতুন সড়ক সীমনা–ব্রাহ্মণবাড়িয়া সড়কের (শেখ হাসিনা সড়ক) তৃতীয় সেতু পর্যন্ত ৫ কিলোমিটার ও বিজয়নগর উপজেলার মনিপুর থেকে শহরের শিমরাইলকান্দি সেতু পর্যন্ত আসা-যাওয়া ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা চলে। আনন্দ রানের দুই কিলোমিটার দৌড়ে শিশুরা, ৪৫ বছর বয়স থেকে বয়োজ্যেষ্ঠরা ৫ ও ১০ কিলোমিটার এবং নারীরা ৫ কিলোমিটার দীর্ঘ দৌড়ে অংশ নেন। ৫ ও ১০ কিলোমিটার সবার জন্য উন্মুক্ত দৌড়ও ছিল। এই ছয় ক্যাটাগরিতে মোট ৮৫ জন অংশ নেন।
দৌড় শেষে সীমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের শিমরাইলকান্দি সেতুতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক দিলারা আক্তার খান। অংশগ্রহণকারী সবার জন্য একটি করে শুভেচ্ছা স্মারক, সনদ, টি-শার্ট, সকালের নাশতার পাশাপাশি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের চ্যাম্পিয়ান ও রানার্সআপ ট্রফি দেওয়া হয়।
রানার্স কমিউনিটি সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রভাষক রাজন মিয়া ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর আখাউড়া শহীদ স্মৃতি কলেজের প্রভাষক অলি আহাদকে সঙ্গে নিয়ে ‘শরীর সুস্থ রাখতে’ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এর আগে তাঁরা বিষয়টি অধ্যাপক দিলারা আক্তারের খানের সঙ্গে পরামর্শ করেন। তিনি প্রতিষ্ঠাকাল থেকে সংগঠনের প্রধান উপদেষ্টা। আর রাজন মিয়া ও অলি আহাদ ফেসবুক গ্রুপ ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির (বিআরসি) এডমিন প্যানালের দায়িত্ব পালন করছেন। ২৫ সদস্য নিয়ে শুরু বিআরসির। বর্তমানে বিআরসির ফেসবুক গ্রুপের সদস্যসংখ্যা আড়াই হাজার।
বিআরসির প্রধান উদ্যোক্তা প্রভাষক রাজন মিয়া প্রথম আলোকে বলেন, নিজেদের সুবিধামতো জায়গায় সংগঠনের ৫০ সদস্য প্রতিদিন দৌড়ান। সপ্তাহের প্রতি আজ সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ কিংবা শহরের টেংকেরপাড়ে জড়ো হয়ে সকাল ছয় থেকে আটটা পর্যন্ত দৌড়ান এবং সংগঠন নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘আমাদের একটাই লক্ষ্য। আমরা দৌড়াব, সুস্থ থাকব। আমরা স্মার্ট নাগরিক, রোগমুক্ত ও সচেতন জাতি গঠন করতে চাই। এই উদ্দেশ্যেই আমরা এই সংগঠনের প্রতিষ্ঠা।’