চট্টগ্রামের আগ্রাবাদে বিদ্যুৎ ভবনে শ্রমিক নেতা ও কর্মকর্তাদের বাগ্‌বিতণ্ডা
চট্টগ্রামের আগ্রাবাদে বিদ্যুৎ ভবনে শ্রমিক নেতা ও কর্মকর্তাদের বাগ্‌বিতণ্ডা

পিডিবির নারী প্রকৌশলীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, চার শ্রমিককে বদলি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চট্টগ্রাম কার্যালয়ে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে এক নারী প্রকৌশলীর সঙ্গে সিবিএর নেতা-কর্মীরা দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। তাঁকে রক্ষা করতে গেলে শ্রমিকনেতারা এক সহকারী প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে অবস্থিত বিদ্যুৎ ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। তবে আজ বুধবার এ ঘটনা জানাজানি হয়। এ ঘটনায় চার শ্রমিককে চট্টগ্রাম থেকে বদলি করা হয়েছে বলে পিডিবির কর্মকর্তারা জানিয়েছেন। তাঁদের মধ্যে প্ল্যান্ট অপারেটর-সি মো. হাফিজুর রহমানকে পাবনায়, লাইনম্যান মো. নুরুন্নবীকে ভোলায়, ইলেকট্রিশিয়ান মো. শফিকুল ইসলামকে সিলেট এবং গাড়িচালক মো. আইয়ুবকে দিনাজপুরে বদলি করা হয়েছে।

সিবিএ নেতাদের দুর্ব্যবহারের শিকার প্রকৌশলী হলেন নিলুফারিন আকতার। তিনি পিডিবির চট্টগ্রাম কার্যালয়ের কম্পিউটার কেন্দ্রে সিস্টেম অ্যানালিস্ট (নির্বাহী প্রকৌশলী) হিসেবে কর্মরত। মারধরের শিকার প্রকৌশলী হলেন মেহেদী হক।

নির্বাহী প্রকৌশলী নিলুফারিন আকতার প্রথম আলোকে বলেন, সম্প্রতি ‘কাজ নেই মজুরি নেই’ ভিত্তিতে একজন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। কিন্তু সিবিএর নেতারা এর প্রতিবাদ করেন। তাঁদের মতামত না নিয়ে কেন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে—তা জানতে মঙ্গলবার দুপুরে তাঁর রুমে আসেন ২০-৩০ জন। অবসরপ্রাপ্ত শ্রমিক গাজী আইয়ুবের নেতৃত্বে সিবিএ নেতারা রুমে প্রবেশ করেই চিৎকার-চেঁচামেচি শুরু করেন। বারবার চেষ্টা করেও শান্ত করতে ব্যর্থ হন। একপর্যায়ে তাঁরা দুর্ব্যবহার করতে থাকেন।

হইহুল্লোড় শুনে আশপাশের কক্ষ থেকে অন্য কর্মকর্তা-কর্মচারীরা বের হয়ে তাঁর কক্ষে আসেন বলে জানান নিলুফারিন আকতার। তিনি বলেন, সহকারী প্রকৌশলী মেহেদী হক সিবিএ নেতাদের শান্ত করতে চাইলে উল্টো তাঁকে কক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয়। কক্ষের বাইরে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

সিবিএ নেতাদের এ রকম আচরণের ঘটনা লিখিতভাবে প্রধান প্রকৌশলী কামাল উদ্দিন আহমেদকে জানিয়েছেন বলে জানান নিলুফারিন আকতার। সিবিএর যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, লোক নিয়োগকে কেন্দ্র করে ম্যাডামের সঙ্গে একটু সমস্যা হয়েছে। তাঁরা আওয়ামী লীগের লোক নিয়োগ দিয়েছেন। এর প্রতিবাদ করেছেন তাঁরা। এখন তাঁদের চারজনকে বদলি করে দেওয়া হয়েছে।

পিডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সিবিএ নেতারা আউটসোর্সিংয়ে লোক নিয়োগকে কেন্দ্র করে সিস্টেম অ্যানালিস্টের সঙ্গে দুর্ব্যবহার এবং সহকারী প্রকৌশলীকে মারধর করেছেন বলে অভিযোগ পেয়েছেন। সিবিএ নেতারা দাবি করেছেন, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। দুই পক্ষের অভিযোগ ঢাকায় পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে বদলি করা হয়েছে।