
দিনাজপুরে ট্রাক ও পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিন পুলিশের সদস্য আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার চণ্ডীপুর গ্রামে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক আবদুস সালাম (৪০) ও তাঁর সহকারী মো. রতনকে (২৫) আটক করেছে পুলিশ।
আহত তিনজন হলেন হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান, কনস্টেবল আবদুল আওয়াল, পুলিশের গাড়ির চালক ও কনস্টেবল মো. লিটন। তাঁদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আটক ট্রাকচালক আবদুস সালামের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ও তাঁর সহকারী মো. রতনের বাড়ি হাকিমপুর উপজেলায়।
স্থানীয় লোকজন ও আহত পুলিশ সদস্যের বরাত দিয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার প্রথম আলোকে বলেন, আজ সকালে হাকিমপুর থানা থেকে পুলিশের একটি গাড়ি ফুলবাড়ি শহরের ঢাকা মোড়ের দিকে যাচ্ছিল। আর ফুলবাড়ি থেকে একটি খালি ট্রাক বিরামপুর শহরের দিকে আসছিল। বিরামপুর উপজেলার চণ্ডীপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকটি ডান দিকে যাওয়ার সংকেত দেয়। এতে পুলিশের গাড়িটির চালক গাড়িটি বাঁ দিকে চাপিয়ে নেন। ট্রাকটি আবার ডানে চাপলে ট্রাকের সঙ্গে পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশের গাড়িতে থাকা চালকসহ তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে ছেড়ে দেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া প্রথম আলোকে বলেন, জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ জয়পুরহাট থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাচ্ছিলেন। পথে তাঁকে ফুলবাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছে দিতে হাকিমপুর থানা-পুলিশের একটি দল ফুলবাড়ি যাচ্ছিল। চণ্ডীপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে তিনজনই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁরা এখন বিরামপুর থানায় অবস্থান করছেন।