
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফি (রতন)। তিনি দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। নির্বাচনী প্রচারের শেষ সময়ে ভোটের মাঠে তিনি ব্যস্ত সময় পার করছেন। এই আসনের দুই উপজেলার ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। ভোট চাইছেন নিজের কাস্তে প্রতীকে।
রোববার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই এলাকায় আবদুল্লাহ আল ক্বাফি গণসংযোগ ও পথসভা করেন। এ সময় বলেন, ‘দুর্নীতিমুক্ত সোনার বাংলা নির্মাণ আমাদের নির্বাচনী প্রধান অঙ্গীকার। দেশ দুর্নীতিমুক্ত ও অর্থ পাচার বন্ধ হলে প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থা করা যাবে। বেকার তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য শিল্পকারখানা তৈরি করা যাবে। সকল নগরিকের জন্য স্বাস্থ্যসেবা ঢেলে সাজানো সম্ভব হবে। প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা যাবে।’
আবদুল্লাহ আল ক্বাফি জানান, তাঁর নির্বাচনী এলাকায় প্রবাসী লোকজনের আধিক্য আছে। তাঁদের বিষয়ে তিনি বলেন, ‘বিদেশে যাঁরা কাজ করেন, তাঁদের প্রণোদনার ব্যবস্থা করতে হবে। প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ৫ শতাংশ নগদ সহয়তা প্রদান ও কর্মস্থলে মৃত্যুবরণকারীদের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনা আমাদের নির্বাচনী অঙ্গীকার। এ ছাড়া নির্বাচিত হলে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এলাকার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাব।’
বিগত শাসনকাল ও ক্ষমতাসীন দলগুলোর সমালোচনা করে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও সেটি প্রতিষ্ঠিত হয়নি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ যারাই ক্ষমতায় ছিল, কেউই সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে পারেনি। আমরা অঙ্গীকার করছি, আমরা যদি ক্ষমতায় যাই বা সংসদে যাই, তাহলে মুক্তিযুদ্ধের যেই চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং চব্বিশের গণ–অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নের জন্য আমরা সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করব। ভঙ্গুর গণতন্ত্র নয়, আমরা টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখব।’
শিল্পায়ন ও কৃষির আধুনিকায়নের ওপর জোর দিয়ে আবদুল্লাহ আল ক্বাফি বলেন, ‘এই নির্বাচনী এলাকার ওপর দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা-সিলেট মহাসড়ক ও ঢাকা-চট্টগ্রাম রেলপথ গেছে। এ সুযোগ গ্রহণ করে এ অঞ্চলকে শিল্পনগরীতে গড়ে তোলা আমাদের অঙ্গীকার। কৃষি আধুনিকায়ন আমাদের এলাকার অন্যতম অঙ্গীকার। এলাকার শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য এ এলাকায় ফ্রিল্যান্সিং ব্যবসার প্রসার ঘটানোর জন্য আইটি হাব গড়ে তোলা হবে।’
পথসভায় বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা আসলাম খান, সিপিবি কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক অশোক দেব, কৃষকনেতা কাজী নূর আহমেদ, ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলার সাবেক সভাপতি ও সিপিবি নেতা শেখ আবদুল মান্নান, সিপিবি নেতা গণেশ ভট্টাচার্য, কৃষকনেতা আবদুল ওহাব, ক্ষেতমজুর নেতা আবদুর রব, যুব ইউনিয়ন কুমিল্লা জেলা সাবেক সভাপতি এম কে এম মিজানুর রহমান প্রমুখ।
আবদুল্লাহ আল ক্বাফি গত দুদিন নির্বাচনী এলাকায় খোলা পিকআপ ভ্যানে করে জনসংযোগ করেন। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর, মাধবপুর, মীরপুর, মকিমপুর, ষাইটশালা, জামতলা, দুলালপুর, ভবানীপুর, মালাপাড়া, শিদলাই, মহালক্ষ্মী পাড়া, বুড়িচং উপজেলার রাজাপুর, সংকুচাইল, বুরবুরিয়া, খরাতাইয়া, ষোলনল, সাহেবাবাদে পথসভা করেন।