আবুল বাশার
আবুল বাশার

লক্ষ্মীপুর-২

থাকেন লন্ডনে, চালাননি প্রচারণা, পেয়েছেন ৪২৪ ভোট

যুক্তরাজ্যের লন্ডনে থাকেন আবুল বাশার। সেখান থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হন। তাঁর পক্ষে মনোনয়ন নিয়েছিলেন এলাকার এক ব্যক্তি। নির্বাচনে প্রার্থী হলেও দেশেই আসেননি। ফলে এলাকায় কোনো প্রচারণা চালানোও তাঁর পক্ষে সম্ভব হয়নি। এর পরও তিনি পেয়েছেন ৪২৪ ভোট।

আবুল বাশার প্রার্থী হয়েছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর উপজেলার আংশিক) আসনে। গণ অধিকার পরিষদের প্রার্থী ছিলেন তিনি। তাঁর প্রতীক ছিল ট্রাক। তিনি দেশে না থাকায় তাঁর পক্ষে দৃশ্যমান কোনো প্রচারণা ছিল না। প্রচারপত্র-ব্যানারও চোখে পড়েনি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-২ আসনে এবারের নির্বাচনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে ১ লাখ ৩৩ হাজার ৬৯৮ ভোট পেয়ে জয়ী হন বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া। আসনের ১৫১টি ভোটকেন্দ্রে আবুল বাশার মোট ভোট পেয়েছেন ৪২৪টি। সে হিসাবে গড়ে প্রতি কেন্দ্রে তিনটির কম ভোট পেয়েছেন তিনি। ফলে নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হচ্ছে তাঁর।

রায়পুর উপজেলার উত্তর চরবংশী এলাকার বাসিন্দা মো. সাইদুল ইসলাম বলেন, ‘আমরা তো তাঁকে এলাকায় দেখিনি। কোনো প্রচারও হয়নি। এর পরও এত ভোট পাওয়া একটু অবাক করার মতো।’ লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, ‘হয়তো দলীয় সমর্থকেরা প্রতীক দেখে তাঁকে ভোট দিয়েছেন।'

নিজের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান আবুল বাশার। জানতে চাইলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই তাঁর দেশে আসার সিদ্ধান্ত ছিল; কিন্তু পরবর্তী সময়ে নানা কারণে সেটি আর সম্ভব হয়নি। যাঁরা তাঁকে ভোট দিয়েছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি সব সময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করবেন।