
গোপালগঞ্জ কলেজ মসজিদ রোডের রায় ফার্মেসিতে আজ শনিবার বেলা ১১টার দিকে ওষুধ কিনতে আসেন রশিদ মোল্লা নামের এক যুবক। জানালেন, তাঁর ছোট বোন দুই দিন ধরে জ্বরে ভুগছেন। বোনের ওষুধ কেনার জন্য ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা বড় ভাই সৈকত মোল্লা দুই হাজার টাকা পাঠানোর চেষ্টা করছেন। কিন্তু রশিদের বিকাশ অ্যাকাউন্ট গত বৃহস্পতিবার থেকে বন্ধ। ভাইয়ের পাঠানো টাকা নিজের অ্যাকাউন্টে গ্রহণ করতে পারছিলেন না তিনি। পরে ওই ফার্মেসির বিকাশ এজেন্ট নম্বরে টাকা দিয়ে ছোট বোনের ওষুধ কিনে বাড়ি ফেরেন রশিদ।
শুধু রশিদ নয়, গত বুধবার বিকেল থেকে গোপালগঞ্জে তাঁর মতো অনেকেই মুঠোফোনে আর্থিক পরিষেবায় (এমএফএস) লেনদেন করতে পারছেন না। আকস্মিক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় জরুরি লেনদেন করতে না পেরে বিপাকে পড়েছেন তাঁরা। তিন দিন পার হলেও মুঠোফোনে লেনদেন স্বাভাবিক হয়নি। এদিকে মুঠোফোনে আর্থিক পরিষেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর মাঠকর্মীরা গত বৃহস্পতিবার থেকে না আসায় নগদ টাকার সংকটে পড়েছে এজেন্টরা।
গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত বৃহস্পতিবার থেকে কর্মচারীরা মাঠে যাচ্ছেন না। বর্তমান পরিস্থিতিতে মাঠে কাজ করতে কর্মচারীরা ভয় পাচ্ছেন। ফলে অনেক এজেন্টের কাছ থেকে বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স সংগ্রহ করে নগদ টাকা দিতে পারছেন না।রোমান আহমেদ, বিকাশ সুপারভাইজার, গোপালগঞ্জ জেলা
স্থানীয় লোকজন জানান, আগামীকাল রোববার ও পরদিন সোমবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার কর্মসূচি রয়েছে। এ জন্য আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও গোপালগঞ্জ শহরে অধিকাংশ দোকানপাট খোলা ছিল। অনেকে জরুরি কেনাকাটার জন্য বের হন। এ সময় মুঠোফোনে লেনদেন করতে গিয়ে ভোগান্তিতে পড়েন তাঁরা।
বোনের ওষুধ কিনতে আসা রশিদ মোল্লা প্রথম আলোকে বলেন, বিকাশ তো জরুরি প্রয়োজনে ব্যবহার করা হয়। সেই জরুরি প্রয়োজনের সময় বিকাশ বন্ধ। বিকাশ কর্তৃপক্ষ কোন প্রক্রিয়ায় অ্যাকাউন্টগুলো বন্ধ করেছে, তা স্পষ্ট নয়। তিনি বলেন, ‘যদি লেনদেনের সন্দেহের ভিত্তিতে অ্যাকাউন্ট বন্ধ করা হয়, তাহলে আমরা সেই তালিকায় পড়ি না। আমাদের মাসে এক-দুইবার দুই থেকে চার হাজার টাকা লেনদেন হয়। তাহলে আমাদের অ্যাকাউন্ট কেন বন্ধ করা হবে?’
গোপালগঞ্জ পোস্ট অফিস মোড়ে আজ বেলা দেড়টার দিকে কথা হয় আরমান হোসেন নামের এক যুবকের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর দুটি বিকাশ অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে যে অ্যাকাউন্টটি দিয়ে মাঝেমধ্যে লেনদেন করেন, সেটি সচল হয়েছে। যে অ্যাকাউন্টটি সপ্তাহে একবারও ব্যবহার করা হয় না, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।
আরমান বলেন, ‘বিকাশ লেনদেনের সন্দেহের ভিত্তিতে অ্যাকাউন্ট বন্ধ করছে না। গোপালগঞ্জের কিছু বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে হবে, তাই বন্ধ করা হচ্ছে। এটা গোপালগঞ্জের মানুষের প্রতি বৈষম্য।’
লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে ১৫ নভেম্বর গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। ওই দিন পুলিশের একটি সাঁজোয়া যানে (এপিসি) আগুন এবং পুলিশ বক্সে ভাঙচুর করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িতে। এর জেরে ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয় সরকার। এরপর ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। তার পর থেকে ওই দুই থানার কার্যক্রমও বন্ধ রয়েছে। সর্বশেষ গত বুধবার বিকেল থেকে গোপালগঞ্জের অনেকে মুঠোফোনে লেনদেন করতে পারছেন না বলে জানান।
গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকা, পাবলিক হল মোড়, পোস্ট অফিস মোড়, চাঁদমারি রোড, ব্যাংকপাড়া, পাচুরিয়া, বাজার রোড, কলেজ মসজিদ রোড ও বটতলা এলাকার অন্তত ১৫টি এমএফএস এজেন্টের সঙ্গে আজ কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা জানান, বুধবার বিকেল থেকে ব্যক্তিগত অ্যাকাউন্টে লেনদেনের সমস্যা শুরু হয়। বৃহস্পতিবার থেকে বিকাশ, নগদ ও রকেটের অনেক ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের ভোগান্তি আরও বেড়েছে।
অ্যাকাউন্ট বন্ধ থাকায় অনেকে নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না। আবার কেউ টাকা পাঠাতে না পেরে এজেন্টের ব্যক্তিগত বা ব্যবসায়িক নম্বরে টাকা পাঠানোর চেষ্টা করছেন। কেন অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, কত দিন বন্ধ থাকবে কিংবা কীভাবে আবার সচল করা যাবে, সে বিষয়ে স্পষ্ট তথ্য না পাওয়ায় গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বেলা দেড়টার দিকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু সড়কের সদাই বাজারের বিকাশ এজেন্ট তানভীর হাসান বলেন, বৃহস্পতিবার থেকে বিকাশ কর্তৃপক্ষ তাঁদের নগদ টাকা দিচ্ছে না। এমনকি কোনো প্রতিনিধি তাঁদের কাছে আসেননি। অনেক গ্রাহক বিকাশ, রকেট ও নগদ থেকে টাকা উত্তোলন করতে আসছেন, কিন্তু তাঁদের নগদ টাকা দেওয়া যাচ্ছে না। এজেন্ট নম্বরে অনেক টাকা জমা হয়ে আছে, অথচ হাতে নগদ টাকা নেই।
গত তিন দিনে শতাধিক গ্রাহক ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে এসে ফিরে গেছেন বলে জানালেন গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার মা টেলিকম বিকাশ এজেন্ট রাসেল হোসেন। আজ বেলা একটার দিকে তিনি প্রথম আলোকে বলেন, অ্যাকাউন্ট বন্ধ থাকায় অনেকে টাকা তুলতে পারছেন না। আবার অনেকে ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠাতে না পেরে এজেন্টের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন।
লেনদেন পরিস্থিতি নিয়ে রাসেল হোসেন বলেন, গত তিন দিনে লেনদেন অনেক কমে গেছে। বিকাশ অ্যাকাউন্টে প্রচুর টাকা জমা থাকলেও গ্রাহকদের নগদ টাকা দিতে পারছেন না। সাধারণত এজেন্ট অ্যাকাউন্টে বেশি টাকা জমা হলে বিকাশ, নগদ ও রকেটের প্রতিনিধিরা এসে নগদ টাকা দিয়ে যান। কিন্তু বৃহস্পতিবার থেকে তাঁদের কেউ আসছেন না। এতে নগদ টাকার সংকট তৈরি হয়েছে।
জানতে চাইলে গোপালগঞ্জ জেলায় বিকাশের সুপারভাইজারদের একজন রোমান আহমেদ প্রথম আলোকে বলেন, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার থেকে কর্মচারীরা মাঠে যাচ্ছেন না। বর্তমান পরিস্থিতিতে মাঠে কাজ করতে কর্মচারীরা ভয় পাচ্ছেন। ফলে অনেক এজেন্টের কাছ থেকে বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স সংগ্রহ করে নগদ টাকা দিতে পারছেন না।