
শেরপুরে নর্দমা (ড্রেন) থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে পৌরসভার কসবা নামাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে সদর থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে শেরপুর পৌরসভার কসবা নামাপাড়া এলাকার একটি নর্দমার ভেতরে এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েক ব্যক্তি। সংবাদ পেয়ে দুপুরে সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। উদ্ধার করা লাশটি ছেলেশিশু বলে পুলিশ জানায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কারা কী কারণে জন্মের পরপরই নবজাতকটিকে নর্দমায় ফেলে দিয়েছে, তা তদন্ত করা হচ্ছে।