সড়কের ওপর পড়ে ছিল চাচা-ভাতিজার মরদেহ, পাশে মোটরসাইকেল

লাশ
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় চাচা–ভাতিজার মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বারোঢালী এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুণাগাঁও গ্রামের ওসমান গনির ছেলে শহিদুল ইসলাম (২৮) ও শহিদুলের ভাই আনোয়ার হোসেনের ছেলে মো. পায়েল (১৮)। দুর্ঘটনার সময় তাঁরা মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন।

বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার পর এক ব্যক্তি মুঠোফোনে জানান, বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কের বারোঢালী এলাকায় দুই ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে আছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করেন। সে সময় ওই দুজনের সঙ্গে থাকা মুঠোফোন নম্বরে কল দিয়ে তাঁদের পরিচয় নিশ্চিত হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মী প্রদীপ চন্দ্র রায় বলেন, নিহত শহিদুল ও পায়েল একই মোটরসাইকেলে চড়ে বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তাঁরা মারা যান। সড়কের পাশে তাঁদের মোটরসাইকেলটি পড়ে ছিল। তাঁরা কীভাবে মারা গেছেন কিংবা কোন গাড়ির ধাক্কায় এ ঘটনা ঘটেছে, সেটি কেউ দেখেননি। লাশ উদ্ধারের সময় তাঁদের শরীরে ও পাশে বাঁশের অংশ পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি কোনো বাঁশের গাড়ির সঙ্গে ধাক্কা লাগতে পারে।

সদর উপজেলার সালন্দর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলাউদ্দিন জানান, শহিদুল পৌর এলাকার সরকারপাড়া মহল্লায় তুলার দোকান চালাতেন। তাঁর ভাইয়ের ছেলে পায়েল ওই দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। শহিদুল তাঁর ভাতিজা পায়েলকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম বলেন, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।