টুনিয়াঘরা গ্রামের মধ্যে বেগারীতলা বাজার। বাজারের ভেতর দিয়ে গেছে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক। পাশেই আবু তালেব খাঁর হোটেল। সেখানে আজ শুক্রবার সকালে কেউ নাশতা করতে আসছিলেন। কেউ নাশতা শেষ করে পাশের চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ একটি কাভার্ড ভ্যান এসে তছনছ করে দিয়ে গেছে সবকিছু। কেড়ে নিয়েছে পাঁচটি প্রাণ।
যশোরের মনিরামপুর উপজেলার বেগারীতলা এলাকায় আজ শুক্রবার কাভার্ড ভ্যানের চাপায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানটি সড়কের পাশের খাবারের হোটেলে ঢুকে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মনিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের হাবিবুর রহমান (৫৫) ও তাঁর ছেলে তাওশিদ হোসেন (৭), একই গ্রামের মীর সামছুর রহমান (৬০) ও তৌহিদুর রহমান (৩৮) এবং জয়পুর গ্রামের আবদুল মমিনের ছেলে জিয়ারুল ইসলাম (৩৫)। নিহত হাবিবুর রহমান কৃষক এবং মীর সামছুর রহমান, তৌহিদুর রহমান ও জিয়ারুল ইসলাম দিনমজুর।
দুর্ঘটনার ঠিক আগমূহূর্তে হোটেলের ভেতর থেকে পরোটা নিয়ে সামনের দিকে একজন গ্রাহককে দিতে যাচ্ছিলেন মালিক আবু তালেব খাঁ। তাঁর বর্ণনা অনুযায়ী, সকাল সাড়ে সাতটার দিকে হাবিবুর রহমান তাঁর ছেলে তাওশিদ হোসেনকে নিয়ে মহাসড়কের পাশ দিয়ে এই হোটেলে নাশতা করতে আসছিলেন। মীর সামছুর রহমান ও তৌহিদুর রহমান হোটেল থেকে নাশতা করে পাশের নূরুল আমিনের চায়ের দোকানের চৌকিতে বসে কথা বলছিলেন। জিয়ারুল ইসলাম হোটেলে নাশতা খেয়ে বিল পরিশোধের জন্য কাউন্টারের সামনের দিকে দাঁড়িয়ে ছিলেন।
আবু তালেব বলেন, হঠাৎ একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দ করতে করতে মহাসড়কের পাশের কয়েকটি দোকানে সামনের দিকে আঘাত করে হোটেলে ঢুকে পড়ে। তিনি ভয়ে হোটেলের পেছনের দিকে দৌড় দেন। চোখের সামনে কাভার্ড ভ্যানের চাপায় পাঁচজন মারা যান। তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তবে তাঁর হোটেল ভেঙে তছনছ হয়ে গেছে। এতে তাঁর প্রায় ২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান পাশের একটি হোটেলে ঢুকে পড়ায় পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।