
সিলেটে ছুরিকাঘাতে একজনকে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ৯টার দিকে সিলেট নগরের লাক্কাতুরা এলাকার সবুজ সংঘ গলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আতাউর রহমান (৩৮)। তিনি সিলেট নগরের কুয়ারপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রামের খয়েরপুর গ্রামের জিতু মিয়ার ছেলে।
নিহত আতাউর রহমানের ছোট ভাই মতিউর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর ভাই সিলেটে থেকে মাছের ব্যবসা করতেন। আজ সোমবার সকালে তিনি পুলিশের ফোন পেয়ে জানতে পারেন তাঁর ভাই খুন হয়েছেন। তবে কেন কিংবা কারা তাঁকে খুন করেছে, সে বিষয়ে কিছু জানেন না। ভাই খুনের ঘটনা সিলেটে থাকা স্বজনেরা দেখেছেন। তাঁদের পরিবারের লোকজন সিলেটের পথে রওনা হয়েছেন।
স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, নগরের লাক্কাতুরা এলাকার সবুজ সংঘ গলি এলাকা দিয়ে যাওয়ার পথে আতাউর রহমানকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আতাউরকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ প্রথম আলোকে বলেন, কী কারণে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাঁর লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।