টঙ্গীতে হঠাৎ খেয়া পারাপার বন্ধের অভিযোগ, ভোগান্তি

খেয়া পারাপার বন্ধ করে দেওয়ায় যাত্রীরা এসে ফিরে যাচ্ছেন। শুক্রবার বিকেলে উওরা-টঙ্গী খেয়াঘাটে
ছবি: প্রথম আলো

গাজীপুরের উত্তরা-টঙ্গী খেয়াঘাটে আজ শুক্রবার সকাল থেকে খেয়া পারাপার বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দুই পারের অসংখ্য মানুষ। মাঝিদের অভিযোগ, ঢাকায় বিএনপির গণসমাবেশকে ঘিরে খেয়া পারাপার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উত্তরা পূর্ব ও টঙ্গী পূর্ব থানা–পুলিশ।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে দুই থানা–পুলিশ। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা কাউকে নৌকা চলাচল বন্ধ রাখতে বলিনি।’

আর টঙ্গী পূর্ব থানার ওসি মো.শফিকুল ইসলামের বলেন, ‘বিভিন্ন সড়কে আমাদের তল্লাশি কার্যক্রম চলছে শুধু। খেয়া পারপার বন্ধ রাখার অভিযোগ সঠিক নয়।’

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সেতু থেকে আনুমানিক ২০০ মিটার পূর্ব দিকে। এক পারে উত্তরার আবদুল্লাহপুর এলাকা, অন্য পারে গাজীপুরের টঙ্গী বাজার। ঘাটে চলাচল করে ৩০ থেকে ৩৫টি নৌকা। এ খেয়ার মাধ্যমে প্রতিদিন দুই পারের মানুষ নদ পার হয়।

আজ বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাটের দক্ষিণ পারে (উত্তরা অংশ) বেঁধে রাখা হয়েছে ২৫ থেকে ৩০টি নৌকা। দু–তিনজন মাঝি নৌকায় বসে অলস সময় পার করছেন। পাড়ে কয়েক যাত্রীর আনাগোনা। কোনো কোনো যাত্রী নদ পার করে দেওয়ার জন্য মাঝিদের অনুরোধ করছেন। কিন্তু কোনো মাঝিই পুলিশি হয়রানির ভয়ে রাজি হচ্ছেন না।

খেয়া পারাপারের আয়ে সংসার চালান ঘাটের মাঝি মো. আহসানুল। প্রতিদিনের মতো আজ সকালে ঘাটে আসেন। কয়েক যাত্রী নিয়ে নৌকা ছাড়তে যাবেন, এমন সময় কয়েক পুলিশ সদস্য এসে তাঁকে বাধা দেন।

আহসানুল বলেন, আগামীকাল (শনিবার) বিএনপির সমাবেশ উপলক্ষে দলটির নেতা–কর্মীরা সাধারণ যাত্রীবেশে ঢাকায় যাবেন, এ কারণে খেয়া পারাপার বন্ধ রাখতে বলা হয়েছে। এর পর থেকে অন্য সবার মতো খেয়া পারাপার বন্ধ রেখে সারা দিন ধরে অলস বসে আছেন।

স্ত্রী ও দুই সন্তান নিয়ে উত্তরার ফায়দাবাদ এলাকার একটি ভাড়া বাসায় থাকেন মো. আহসানুল। তিনি আরও বলেন, খেয়া পারাপারের মাধ্যমে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা আয় হয়। এটাই তাঁর জীবিকার একমাত্র উপায়। এক দিন আয় বন্ধ থাকলে সংসার খরচ নিয়ে বিপাকে পড়তে হয়। অথচ দুই দিন খেয়া পারাপার বন্ধ রাখতে হবে।

আহসানুলের মতো ঘাটে থাকা অন্য মাঝিরা বলেন, পুলিশ আজ ও আগামীকাল খেয়া পারাপার বন্ধ রাখতে বলেছে। তাই হয়রানির ভয়ে কেউ নৌকা চালাচ্ছেন না। এতে দুই দিন আয় থেকে বঞ্চিত হবেন তাঁরা।

এদিকে খেয়া পার হতে না পেরে ভোগান্তিতে পড়েছে দুই পারের বাসিন্দারা। টঙ্গী বাজার এলাকার মো. আবু নাইম চাকরি করেন উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে। প্রতিদিন সকাল-বিকেল খেয়া পার হয়ে সহজে যাতায়াত করেন কর্মস্থলে। হঠাৎ খেয়া পারপার বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন তিনি। আবু নাইম প্রথম আলোকে বলেন, ঘাটে নৌকা বন্ধ থাকায় পাঁচ মিনিটের পথ অনেক ঘুরে যেতে হচ্ছে। এ জন্য টাকা-সময় দুটিই বেশি খরচ হচ্ছে।