আখাউড়া বন্দর দিয়ে ভারত থেকে এল আরও দুই হাজার মেট্রিক টন গম

আখাউড়া স্থলবন্দর
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় আরও দুই হাজার মেট্রিক টন গম আমদানি হয়েছে। এর মধ্যে আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত গমবোঝাই ৫০টি ট্রাকে করে এক হাজার টন গম আখাউড়া স্থলবন্দরের ইয়ার্ডে এসেছে। এর আগে গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ৪৪টি গমবোঝাই ট্রাকে আরও এক হাজার মেট্রিক টন গম ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বন্দর হয়ে আখাউড়া স্থলবন্দরের ইয়ার্ডে প্রবেশ করে।

এসব গম আমদানি করেছে চট্টগ্রামের আলম ট্রেডিং ও ঢাকার সাভারের ইসলাম অ্যাগ্রোভেট লিমিটেড। গমের সিঅ্যান্ডএফ এজেন্ট খলিফা এন্টারপ্রাইজ। প্রতি মেট্রিক টন গম ৩৭০ মার্কিন ডলার দরে ভারত থেকে কেনা হয়েছে।

খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. মোজাম্মেল হক বলেন, চট্টগ্রামের আলম ট্রেডিং পাঁচ হাজার মেট্রিক টন গমের এলসি করেছে। গতকাল প্রায় এক হাজার মেট্রিক টন গম এসেছে। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত আরও এক হাজার মেট্রিক টন গম এসেছে। এই চালানে চট্টগ্রামের আলম ট্রেডিং ছাড়াও ঢাকা সাভারের ইসলাম অ্যাগ্রোভেট লিমিটেডের গম রয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলো আসবে।

আখাউড়া স্থলবন্দর ওয়্যারহাউস সুপারিনটেনডেন্ট মো. সামাউল ইসলাম বলেন, বন্দর প্রবেশ ফি, ওজন ফি, অবস্থান ফি ইত্যাদি ফি আদায় শেষে গতকাল ও আজ আসা দুই হাজার মেট্রিক টন গম ছাড়া হবে। বৃষ্টির কারণে আজ গম খালাসের কার্যক্রম শুরু করতে পারেননি। আশা করছেন, আগামীকাল বৃহস্পতিবার গমগুলো খালাসের কার্যক্রম শুরু হবে।

২০২১-২২ অর্থবছরে ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ৮৮ হাজার ৫২৪ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে। যার মূল্য ২৫৯ কোটি ২১ লাখ ৪৪ হাজার টাকা। চলতি বছরের জুন মাসে গম আমদানি বন্ধ থাকলেও জুলাই মাসে ৫০০ মেট্রিক টন গম আমদানি হয়েছে, যার মূল্য ১ কোটি ৫৬ লাখ ১৯ হাজার টাকা।