একসঙ্গে দুই চাচাতো ভাই নিরব খাঁ (বাঁয়ে) ও নামিম খাঁ
একসঙ্গে দুই চাচাতো ভাই নিরব খাঁ (বাঁয়ে) ও নামিম খাঁ

প্রায়ই মোটরসাইকেল নিয়ে বের হতেন দুই চাচাতো ভাই, ট্রাকের ধাক্কায় দুজনের মৃত্যু

দুই চাচাতো ভাই নামিম খাঁ ও নিরব খাঁ। একই সঙ্গে চলাফেরা, ঘোরাঘুরি। প্রায়ই রাতে মোটরসাইকেল নিয়ে বের হতেন দুজন। গতকাল শুক্রবার রাতেও মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। তবে রাতে আর বাড়ি ফেরা হয়নি তাঁদের। একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

গতকাল রাত আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার ব্যবসায়ী লিটন খাঁর ছেলে নামিম খাঁ (১৯) এবং একই এলাকার মৃত কিসমত খাঁর ছেলে নিরব খাঁ বায়জিদ (১৮)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।

নামিম ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি বাবার মুদিদোকানে সময় দিতেন। নিরব শহরের এফ এ টাওয়ার বিপণিবিতানের একটি কাপড়ের দোকানে কাজ করতেন।

হাইওয়ে পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন নামিম ও নিরব। আজ শনিবার তাঁদের একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। রাতে ঘোরাঘুরি শেষে মোটরসাইকেলে তেল ভরতে সদর উপজেলার সুলতানপুর এলাকার একটি পেট্রলপাম্পে যান তাঁরা। সেখান থেকে বাড়ি ফেরার পথে রামরাইল বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। নামিম ও নিরব মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

তাঁদের ড্রাইভিং লাইসেন্সও ছিল না। মোটরসাইকেলটির কোনো নম্বর ছিল না। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে আজ সকালে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
আবদুল হালিম, সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

আজ সকাল সাড়ে ১০টার দিকে শহরের কান্দিপাড়ায় নিহত দুজনের বাড়িতে গিয়ে দেখা যায়, নিচতলায় পাশাপাশি রাখা হয়েছে দুই চাচাতো ভাইয়ের লাশ। বাড়ির বাইরে স্বজন ও স্থানীয় লোকজন ভিড় করেছেন। স্বজনেরা কান্নাকাটি করছিলেন।

চাচা আরমান খাঁ বলেন, প্রায়ই রাতে নামিম ও নিরব মোটরসাইকেল নিয়ে বের হতেন। গতকাল রাতে তেল নিয়ে সড়কে ওঠার পরপরই ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।

নিহত দুজনের কারও মাথায় হেলমেট ছিল না বলে জানান সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম। তিনি বলেন, তাঁদের ড্রাইভিং লাইসেন্সও ছিল না। মোটরসাইকেলটির কোনো নম্বর ছিল না। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে আজ সকালে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।