
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সমালোচনা করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘কয়েক দিন আগে আইনমন্ত্রী বলেছেন, “খালেদা জিয়ার রাজনীতি করতে কোনো অসুবিধা নাই।” এটা তিনি বলতে পারেন না। আইনমন্ত্রী হয়ে তিনি বেআইনি কথাবার্তা বলেন। আমার একটু ক্ষমতা থাকলে আইনমন্ত্রীকে আমি বাদ দিয়ে দিতাম।’
আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বোয়ালী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যাদবপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ এ জনসভার আয়োজন করে।
কাদের সিদ্দিকী বলেন, ‘আমার কাছে আওয়ামী লীগও যা, বিএনপিও তা। নৌকা বানাইছিল টাঙ্গাইলের মানুষ, তা-ও নিয়া গেছে গা। ধানের শিষ বানাইছে মওলানা ভাসানী, তা–ও বিএনপি নিয়া গেছে। গামছা বানাইছে টাঙ্গাইলের মানুষ। একদিন হয়তো টাঙ্গাইলের মানুষের কাছ থেকে গামছাও লুট হতে পারে।’
‘বর্তমান বাংলাদেশের চেয়ে পাকিস্তানই ভালো ছিল’— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘তাহলে আপনি (ফখরুল) কালই পাকিস্তানে চলে যান। এ দেশের আলো-বাতাস খাওয়ার অধিকার আপনার নেই।’
যাদবপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, টাঙ্গাইল জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।