
একাধিক মামলার আসামি কক্সবাজার থেকে ইউএস–বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন, এমন তথ্য ছিল পুলিশের কাছে। ফ্লাইটটি আজ শুক্রবার বেলা দেড়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। উড়োজাহাজ থেকে নামতেই নাসির উদ্দিন মৃধা জর্জ ও জাহাঙ্গীর আলমকে হেফাজতে নেয় পুলিশ।
নাসির উদ্দিন মৃধা জর্জ (৫২) গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক। তিনি শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের বাসিন্দা। জাহাঙ্গীর আলম (৪৪) শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম আহ্বায়ক। তিনি শ্রীপুরে মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, এই দুজন কক্সবাজার থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকায় আসবেন, এমন তথ্য তাঁরা জানতে পারেন। পরে তাঁদের হেফাজতে নেওয়া হয়।
ওসি কামরুল হাসান বলেন, দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দুজনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার তথ্য পাওয়া গেলে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এই দুই নেতার বিরুদ্ধে শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলমও। তিনি জানান, তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।