ডাকাতি
ডাকাতি

হাত-পা বেঁধে আটকে রেখে এক বাড়িতে ডাকাতি, আরেক বাড়ি থেকে স্বর্ণালংকার লুট

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভাগলপুর গ্রামে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত দুইটার দিকে ডাকাতেরা বাড়ির সদস্যদের একটি ঘরে নিয়ে রশি দিয়ে হাত-পা বেঁধে আটকে রেখে ডাকাতি করে নিয়ে যায়।

ভাগলপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক শাহজালাল ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁর ভাষ্য, রাত দুইটার দিকে তাঁর পাকা ভবনের লোহার দরজা কেটে ভেতরে ঢোকে ১৫ থেকে ২০ জনের ডাকাত দল। তারা কালো মুখোশ ও হাফপ্যান্ট পরা ছিল, হাতে ছিল রামদা। তারা পরিবারের সবাইকে একটি কক্ষে নিয়ে রশি দিয়ে হাত-পা বেঁধে কাঁথা দিয়ে মুখমণ্ডল ঢেকে রাখে প্রায় এক ঘণ্টা। এ সময় স্টিলের আলমারি ও স্যুটকেসের তালা ভেঙে আট ভরি স্বর্ণ, নগদ ৩৫ হাজার টাকা, ৫টি দামি মুঠোফোন, বসতবাড়ির দলিল, ৪টি বিদেশি কম্বল, কাপড়চোপড়সহ সব লুট করে নিয়ে যায় ডাকাত দল। খবর পেয়ে সাহ্‌রির সময় আশপাশের বসতবাড়ির লোকজন জড়ো হন।

একই গ্রামের ব্যবসায়ী শাহীন ভূঁইয়ার ভাষ্য, রাত তিনটার দিকে প্রায় ৪০ জনের ডাকাত দল তাঁর বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা নগদ ২৫ হাজার টাকা এবং তাঁর স্ত্রী নূর ভানুর গলায় ও কানে থাকা স্বর্ণালংকার নিয়ে যায়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আবদুল হালিম বলেন, তিনি ডাকাতির ঘটনা শুনেছেন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।