আমরা চাই, ব্যালটের মাধ্যমে স্বচ্ছ নির্বাচন হোক: জি এম কাদের

রংপুরে সেনপাড়ায় স্কাইভিউয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আজ বুধবার সন্ধ্যায়
ছবি: প্রথম আলো

‘ইভিএমের নির্বাচন জনগণ ভালোভাবে নেয়নি। আমরা সেটা সব সময় বলে আসছি। ইভিএমের নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব নয়, যদিও রংপুরে আমরা জিতেছি। তবে আমরা চাই, একটি অংশগ্রহণমূলক নির্বাচন। আমরা চাই, ব্যালটের মাধ্যমে স্বচ্ছ নির্বাচন হোক।’

রংপুর ও লালমনিরহাটে তিন দিনের সফরে এসে রংপুর নগরে সেনপাড়ায় প্রয়াত চেয়ারম্যান এরশাদের স্কাইভিউয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এসব কথা বলেন।

ট্রাকের চাল নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দেখছি, একটি ট্রাকের পেছনে অনেক মানুষ ছুটছে, মধ্যবিত্ত ঘরের অনেক ভদ্র মানুষ সেখানে যেতে পারছেন না। দেশের মানুষ কষ্টে আছে, সেই কষ্ট লাঘবে রেশনিং কার্ডের মাধ্যমে পণ্য দেওয়া দরকার।’ তিনি আরও বলেন, ‘আমরা হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট করতে পারি, আর দেশের মানুষকে বাঁচাতে কোনো উদ্যোগ নিতে পারব না, এটা হতে পারে না। কেননা মানুষ না বাঁচলে, দেশের উন্নয়ন করে কী হবে। মেগা প্রজেক্ট বন্ধ করে মানুষকে বাঁচানোর চেষ্টা করতে হবে। সরকার স্বীকার করুক আর না করুক, আমরা মনে করি, সরকারের হাতে টাকাও নেই, বিদেশি ডলারও নেই।’

সামনে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, আমরা নির্বাচনের জন্য ৩০০ আসনে প্রস্তুতি নিচ্ছি।

জি এম কাদের আরও বলেন, ‘একটা পরিসংখ্যানে উঠে এসেছে দেশের শতকরা ৮০ ভাগ ভোটার নিশ্চিত করতে পারছে না, তাঁরা কোথায় ভোট দেবেন। আমরা সেই ৮০ শতাংশ ভোটারদের লক্ষ্য করেই কাজ করছি, তাঁদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। সেই লক্ষ্য নিয়েই আমরা সেই রাজনীতি করতে চাচ্ছি। আমরা দলকে সংগঠিত করতে বিভিন্ন জেলা সফর করছি। যেখানে দলের মধ্যে সমস্যা আছে,  সেগুলো সমাধানের চেষ্টা করছি। আমরা মানুষের রাজনীতি বোঝার চেষ্টা করছি। মানুষের রাজনীতি অতীতেও করছি, বর্তমানেও করছি।’

উপস্থিত ছিলেন রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি করপোরশনের মেয়র মোস্তাফিজার রহমান, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন, মহানগর জাতীয় পার্টির সহসভাপতি লোকমান হোসেন প্রমুখ।