বরগুনায় ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে গাছ থেকে মাটিতে পড়লেন দবির হোসেন নামের এক ব্যক্তি। এতে গুরুতর আহত হয়ে উঠতে না পারায় সারা রাত গাছের নিচেই পড়ে ছিলেন, ভোর হলে প্রাণ বাঁচাতে ডাব গাছের মালিককেই ডাকেন তিনি। খবর পেয়ে পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বরগুনা পৌরসভার খাড়াকান্দা এলাকার বেলাল মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। আহত দবির হোসেনকে আজ শনিবার সকালে পুলিশ উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সকালে ঘুম থেকে ওঠার পর ওই ব্যক্তি আমাদের ডেকে বলেন, “আপনারা আমাকে উদ্ধার করেন। আমি গাছের নিচে পড়ে আছি”। পরে দেখি ডাবসহ ওই ব্যক্তি গাছের নিচে পড়ে আছে। এরপর পুলিশে খবর দিয়েছি, তারা এসে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করেছে।বেলাল মিয়া, বাড়ির মালিক
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আশফাকুর রহমান প্রথম আলোকে জানান, ওই ব্যক্তির শারীরিক অবস্থা খুব খারাপ থাকায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির মেরুদণ্ড গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ প্রথম আলোকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভিমরুলের কামড় খেয়ে গাছের নিচে পড়ে থাকা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাঁর অবস্থা খুব খারাপ। তাঁকে স্বজনদের কাছে দেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ও থানা–পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে বরগুনা পৌরসভার খাড়াকান্দা এলাকায় বেলাল নামের এক বাসিন্দার বাড়ির গাছ থেকে ডাব চুরির জন্য গাছে ওঠেন দবির হোসেন। গাছে উঠে করাত দিয়ে কিছু ডাব কেটে মাটিতেও ফেলেন তিনি। হঠাৎ গাছে থাকা ভিমরুলের একটি বাসায় নাড়া লাগে। সঙ্গে সঙ্গে দবিরকে কামড়াতে শুরু করে ভিমরুল। একপর্যায়ে গাছ থেকে মাটিতে পড়ে যান দবির। কোমর ও হাতে গুরুতর আঘাত পেয়ে তিনি আহত অবস্থায় সারা রাত গাছের নিচেই পড়ে ছিলেন। ভোর হতেই প্রাণ বাঁচাতে দবির হোসেন ওই বাড়ির মালিককে উদ্ধার করতে ডাকাডাকি শুরু করেন। পরে ওই বাড়ির লোকজন বিষয়টি পুলিশকে জানান।
বাড়ির মালিক বেলাল মিয়া বলেন, ‘সকালে ঘুম থেকে ওঠার পর ওই ব্যক্তি আমাদের ডেকে বলেন, “আপনারা আমাকে উদ্ধার করেন। আমি গাছের নিচে পড়ে আছি”। পরে দেখি ডাবসহ ওই ব্যক্তি গাছের নিচে পড়ে আছে। এরপর পুলিশে খবর দিয়েছি, তারা এসে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করেছে।’