বিএনপির গণসমাবেশ

মাগুরা থেকে ট্রলারে খুলনা যাচ্ছেন নেতা-কর্মীরা

খুলনায় গণসমাবেশে যোগ দিতে মাগুরা থেকে ট্রলারে করে রওনা হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা
ছবি: সংগৃহীত

খুলনায় গণসমাবেশে যোগ দিতে মাগুরা থেকে ট্রলারে করে রওনা হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে,যানবাহন না পাওয়া, ধরপাকড় ও পুলিশি হয়রানি এড়াতে নদী পথ বেছে নিয়েছেন তাঁরা। শুক্রবার দিবাগত রাতে মাগুরা সদরের সাতদোহা, কুচিয়ামোড়া ও মহম্মদপুরের ঝামা বাজার ও কালিশংকরপুর ঘাট থেকে চারটি ট্রলার খুলনার উদ্দেশে ছেড়ে গেছে।

খুলনায় গণসমাবেশে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে শুক্রবার রাত ১১টার দিকে মাগুরা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঙ্গে কথা হয়। তিনি জানান, সদর উপজেলার কুচিয়ামোড়া চিত্রা নদীর ঘাট থেকে একটি ট্রলার খুলনার উদ্দেশে ছেড়েছে। জেলা ছাত্রদলের ৮০ জন নেতা-কর্মী রয়েছেন ওই ট্রলারে। এই দলে তিনিও রয়েছেন। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘মাগুরা থেকে কোনো বাস, মাইক্রোবাস ভাড়া পাওয়া যায়নি। নেতা-কর্মীদের নিয়ে খুলনায় পৌঁছানোর আর কোনো পথ ছিল না। তাই নৌপথেই রওনা হয়েছি।’

এদিকে শুক্রবার রাত ১০টার দিকে মাগুরা পৌর এলাকায় নবগঙ্গা নদীর সাতদোহা ঘাট থেকে একটি ট্রলারে খুলনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি নেতা-কর্মীরা। ওই ট্রলারে থাকা ব্যক্তিদের একজন চাউলিয়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি জুয়েল রানা। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আগে কখনোই এই নৌপথে এভাবে কোথাও যাওয়া হয়নি। রাত দুইটা পর্যন্ত কোথাও বাধা পাইনি। তবে পৌঁছানোর আগ পর্যন্ত একটা আতঙ্ক কাজ করছে।’ ছাত্রদলের ওই নেতা জানান, তাঁদের ট্রলারে কৃষক দল, ছাত্রদল ও বিএনপির শতাধিক নেতা-কর্মী রয়েছেন।

আর শুক্রবার রাত ১২টার দিকে মহম্মদপুর উপজেলার মধুমতী নদীতে ঝামা ও কালিশংকরপুর ঘাট থেকে উপজেলা বিএনপির দুই শতাধিক নেতা–কর্মী নিয়ে দুটি ট্রলার খুলনার উদ্দেশে ছেড়ে গেছে। ওই দুটি ট্রলারের একটিতে থাকা নেতাদের একজন পলাশবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রকিবুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চিড়ে, মুড়ি ও শুকনো খাবার নিয়ে নেতা-কর্মীরা ট্রলারে উঠেছেন।

আরেকটি ট্রলারে থাকা মহম্মদপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মহিদুল ইসলাম জানান, নেতা-কর্মীদের নিয়ে শুক্রবার সন্ধ্যায় তিনটি ট্রলার নিয়ে ঝামা বাজার থেকে খুলনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। পুলিশের বাধার মুখে একটি ট্রলার ছাড়াই রওনা হয়েছেন। রাত দুইটার সময় তাঁরা নড়াইলের কালনা ঘাটের কাছাকাছি ছিলেন।

নেতা–কর্মী আটক

এদিকে খুলনায় উদ্দেশে রওনার প্রস্তুতির সময় মাগুরা শহর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ছয় নেতা-কর্মীকে পুলিশ আটকের অভিযোগ উঠেছে। মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল বলেন, রাত ১২টার দিকে মাগুরা সদর উপজেলা পরিষদের সামনে থেকে নেতা-কর্মীদের নিয়ে দুটি ট্রাক খুলনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এ সময় পুলিশ ওই এলাকা থেকে চারজন ও শহরের কলেজ রোড এলাকা থেকে দুই নেতাকে আটক করে। তিনি জানিয়েছেন, আটককৃত নেতারা হলেন, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মুন্সী আরাফাত হোসেন, সহ তথ্য ও গবেষণা সম্পাদক তৌহিদুল ইসলাম, সদস্য সোহেল রানা, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মিয়া। এ ছাড়া কলেজ রোডে বিএনপি নেতা ইকবাল আখতার খানের বাড়ির সামনে থেকে রাত ১১টার দিকে বিএনপি নেতা লুৎফর রহমান ও জেলা জাতীয়তাবাদী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক পলাশ হোসেন আটক করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।