
২০২৮ সালে প্রাথমিকের নতুন পাঠ্যক্রম চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ময়মনসিংহে অবস্থিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (ন্যাপ) সম্মেলনকক্ষে আজ রোববার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আগামী দুবছরের ভেতরে নতুন পাঠ্যক্রম নকশা করব। এমনভাবে করব, যেন আগামী এক বছরের ভেতরে আমরা ডিজাইন পাইলটিং পরিপূর্ণভাবে শেষ করে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে পারি। শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যপুস্তক তৈরি—এই সবকিছু যেন শুরু করতে পারি। আপনাদের কাছে আমি ঘোষণা করছি, ২০২৮ সালে প্রাথমিকের নতুন পাঠ্যক্রম চালু করব। ২০২৭-২৮–এর ভেতরে আমাদের শিক্ষকদের এই নতুন পাঠ্যক্রমে প্রশিক্ষিত করা হবে।’
প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বাংলাদেশ অনেক জায়গায় পিছিয়ে আছে মন্তব্য করে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই। আমাদের শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীরা ফেল করছে। শিক্ষাব্যবস্থা আমরা শিক্ষার্থীদের শেখানোর মতো করে তৈরি করি নাই। শিক্ষাব্যবস্থা হতে হবে যেখানে শেখানো যাবে। এই শেখানোর জায়গা থেকে আমরা অনেক দূরে সরে এসেছি।’
এ জন্য প্রথমে কারিকুলাম নকশা করতে হবে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘যে কারিকুলামটা আমাদের শিক্ষার্থীদের আসলে শিক্ষা দিতে পারে। কারণ, বাকি সবকিছু কিন্তু এই কারিকুলামের সঙ্গে সম্পৃক্ত। আপনি কারিকুলামে ভুল করেন, বাকি সবকিছু করে কোনো লাভ নেই। যত দিন না কারিকুলাম ঠিক করতে পারছি, কোনো কিছু করে লাভ নেই।’
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (ন্যাপ) মহাপরিচালক ফরিদ আহমেদের সভাপতিত্বে সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।