বগুড়া শহরের গোদারপাড়া এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে একটি বর্জ্যের ভাগাড়ে জাট নোট পাওয়া গেছে। আজ রোববার সকালে
বগুড়া শহরের গোদারপাড়া এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে একটি বর্জ্যের ভাগাড়ে জাট নোট পাওয়া গেছে। আজ রোববার সকালে

ভাগাড়ে বস্তাভর্তি টাকা নিতে লোকজনের ভিড়, পরে যা তাঁরা জানল

ভাগাড়ে পড়ে ছিল বস্তাভর্তি নতুন ৫০০ ও ১ হাজার টাকার নোটের বান্ডিল। খবর ছড়িয়ে পড়তেই লোকজন ছুটে এসে সেগুলো কুড়িয়ে নিতে হুমড়ি খেয়ে পড়েন। মুহূর্তেই ভাগাড় থেকে ‘নতুন টাকা’ লুট হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে, পড়ে থাকা নোটগুলো আসল টাকা নয়—জাল নোট। প্রতিটি নোটের পেছনে ছোট অক্ষরে লেখা, ‘অনলি ফর শুটিং’।

আজ রোববার বগুড়া শহরের গোদারপাড়া এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে একটি বর্জ্যের ভাগাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ভাগাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে কয়েকজনের নজরে আসে। বস্তাটি খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে ৫০০ ও ১ হাজার টাকার মতো দেখতে নোটের বান্ডিল। দেখতে একেবারে নতুন হওয়ায় অনেকে সেগুলো আসল টাকা বলে মনে করেন। ৫০০ ও ১ হাজার টাকার প্রতিটি বান্ডিলে ১০০টি করে নোট ছিল। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ভাগাড়ে এসে নোট কুড়াতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই বস্তাভর্তি নোটের বেশির ভাগই লোকজন নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা খয়ের উদ্দিন বলেন, সকালে কয়েকজন বস্তাটি দেখতে পান। পরে বস্তা খুলে ৫০০ ও ১ হাজার টাকার বান্ডিল পাওয়া যায়। আসল টাকা মনে করে অনেক মানুষ সেগুলো কুড়িয়ে নিতে ছুটে আসেন।

প্রতিটি নোটের পেছনে ছোট অক্ষরে ‘অনলি ফর শুটিং’ লেখা রয়েছে

পুলিশ আসার আগেই বেশির ভাগ নোট নিয়ে যান কৌতূহলী লোকজন। পরে ভাগাড়ের ময়লার মধ্যে ১ হাজার টাকার ১০০টি নোটের একটি বান্ডিল পড়ে থাকতে দেখা যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আসল টাকা মনে করে কাগজের নোটগুলো লোকজন নিয়ে যান। পরে পুলিশ সেখানে ১ হাজার টাকার ১০০টি নোটের একটি বান্ডিল পায়। প্রতিটি নোটের পেছনে ছোট অক্ষরে ‘অনলি ফর শুটিং’ লেখা রয়েছে।

ওসি আরও বলেন, নোটগুলোর উৎস খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, কোনো শুটিংয়ের দৃশ্য ধারণের জন্য এসব নোট তৈরি করা হয়েছিল।