ট্রেনে কাটা পড়ে মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মৃত্যু

সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের একটি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম নুরুন্নাহার বেগম (৬৫)। তিনি সাতকানিয়া পৌরসভার ছিটুয়াপাড়া এলাকার নজির আহমদের স্ত্রী। তিনি বাক্‌প্রতিবন্ধী ছিলেন।

স্থানীয় লোকজন জানান, নুরুন্নাহার বেগম সকালে উত্তর ঢেমশা এলাকায় তাঁর এক নিকট আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। ফেরার পথে হেঁটে চট্টগ্রাম–কক্সবাজার রেললাইন পার হচ্ছিলেন। এ সময় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

সাতকানিয়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মংইউ মারমা প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস সাতকানিয়া রেলস্টেশন অতিক্রম করার সময় ওই নারী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।