
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির বিরুদ্ধে খেলা হবে, ভোট চোরের বিরুদ্ধে খেলা হবে। বিজয়ের মাসে বিএনপিকে আগুন-সন্ত্রাস করতে দেওয়া হবে না। একাত্তরের পরাজিত শক্তিকে সঙ্গে নিয়ে বিএনপি আবার দেশকে অস্থিতিশীল করতে চায়। উন্নয়নের ধারা ব্যাহত করতে চায়। তাদের আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। দেশের মানুষকে সঙ্গে নিয়ে বিএনপির আইনশৃঙ্খলা পরিপন্থী সব কর্মকাণ্ড প্রতিহত করা হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য বিএনপিকে অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু তারা সেখানে সমাবেশ করতে চায় না। তারা তাদের দলীয় কার্যালয় নয়াপল্টনের সামনেই সমাবেশ করতে চায়। এটা উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশ করুক—এটা সরকার চায়। কিন্তু সমাবেশের নামে তারা আগুন আর লাঠি নিয়ে এলে খেলা হবে। বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের প্রতিহত করা হবে।
সাধারণ মানুষের কষ্টের বিষয়টি প্রধানমন্ত্রী জানেন দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘সাধারণ মানুষ কষ্ট পাচ্ছেন এবং স্বল্প আয়ের মানুষ কষ্টে আছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা জানেন। সারা বিশ্বই বিপদে আছে। তাই আমরাও বিপদে আছি। তাদের সংকট আমাদের শাস্তি দিচ্ছে। নিষেধাজ্ঞা আর যুদ্ধ—সব উনারা করেন। আর আমরা কষ্ট পাচ্ছি। এরপরও আমরা সামাল দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ক্রমান্বয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্প নির্মাণের মাধ্যমে বাংলাদেশ আধুনিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু একাত্তরের পরাজিত শক্তি আর বিএনপি দেশের এই উন্নয়ন আর অগ্রগতিকে সহ্য করতে পারছে না। তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে উৎখাতের জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে। তাঁরা নির্বাচনের পরিবর্তে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। ১০ ডিসেম্বর তাঁদের ঘোষিত সমাবেশের আগেই তাঁরা ঢাকায় পুলিশের ওপর হামলা চালাচ্ছে। তাঁদের দলীয় কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। সরকার তাদের যেকোনো নেতিবাচক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করবে।
এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক। জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং ও কুমার পাল।
জেলা আ.লীগের নতুন সভাপতি আতিউর, সম্পাদক ছানুয়ার
ওবায়দুল কাদের তাঁর বক্তব্যের শেষে জেলা আওয়ামী লীগের পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরে নতুন কমিটির শীর্ষ তিন পদের নাম ঘোষণা করেন তিনি। তিন বছরের জন্য পুনরায় জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আতিউর রহমান। সাধারণ সম্পাদক হয়েছেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কমিটির সাবেক নির্বাহী সদস্য মো. ছানুয়ার হোসেন। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক চন্দন কুমার পালকে সহসভাপতি করা হয়েছে।
এর আগে ২০১৫ সালের ১৯ মে শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। দীর্ঘ সাড়ে সাত বছর পর আজ শেরপুরে সম্মেলন অনুষ্ঠিত হলো।