বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ২৪৭। ঝুঁকিপূর্ণ ভবনে প্রাক্–প্রাথমিক ও পঞ্চম শ্রেণির পাঠদান চলে।

বিদ্যালয় ভবনের স্তম্ভের (পিলার) পলেস্তারা উঠে দেখা দিয়েছে ফাটল। বের হয়ে এসেছে ইট-সিমেন্ট। বিদ্যালয়ের ছাদ থেকেও খসে পড়ছে পলেস্তারা। ছাদের বেশ কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছে। নতুন ভবনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হলেও মেলেনি সাড়া। বিকল্প ব্যবস্থা না থাকায় ভাঙাচোরা ভবনেই ঝুঁকির মধ্যে নেওয়া হচ্ছে ক্লাস।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৮ সালে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা পূর্বপাড়ায় খড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ২৪৭। বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ পাঁচজন শিক্ষক রয়েছেন। ২০০১-০২ অর্থবছরে বিদ্যালয় চত্বরের পূর্ব দিকে একটি পাকা ভবন ও ২০০৫-০৬ সালে পশ্চিম দিকে একটি পাকা ভবন নির্মাণ করা হয়। পরে নির্মাণ করা ভবনটিই এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পশ্চিম দিকের জরাজীর্ণ ভবনে দুটি শ্রেণিকক্ষ, একটি দাপ্তরিক কাজ ও শিক্ষকদের বসার জন্য একটি কক্ষ ও শৌচাগার রয়েছে। ভবনের নিচের পিলার, বিমের পলেস্তারা খসে পড়েছে। বেশ কয়েকটি জায়গায় রড বের হয়ে গেছে। পশ্চিম দিকের ভবনে শ্রেণিকক্ষ, বারান্দা, দপ্তরের ছাদের ওপরের একাধিক জায়গায় ফাটল রয়েছে। খসে পড়েছে পলেস্তারা। সিঁড়ির দেয়াল ভেঙে গেছে।
শিক্ষকেরা বলেন, এ ভবনে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রাক্–প্রাথমিকের এবং দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত পঞ্চম শ্রেণির পাঠদান চলে। পাশের ভবনে দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণির পাঠদান চলে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আফসানা বেগম বলে, স্কুলের ছাদ থেকে সিমেন্ট খসে খসে পড়ে। ছাদের রড বের হয়ে গেছে। সিঁড়ির দেয়ালও ভেঙে গেছে। সিঁড়ির দিকের ফাটল দেখলে ভয় লাগে। ভয় ভয়ে তারা ক্লাস করে। এ ভবনের শৌচাগারে যেতেও ভয় লাগে।
স্থানীয় ব্যক্তিরা বলেন, ঝুঁকিপূর্ণ ভবনে প্রাক্–প্রাথমিকের শিক্ষার্থীরা ক্লাস করে। খুদে শিক্ষার্থীরা অনেক কিছু বোঝে না। তাদের দিকে বেশি খেয়াল রাখতে হবে।
খড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম বলেন, ২০০৭ সালে বিদ্যালয়ে যোগ দেন তিনি। গত বছরের শেষের দিকেও বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের কথা উল্লেখ করে নতুন ভবনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি লেখেন। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে ভবনটির দুরবস্থার কথা জানালেও কোনো কাজ হয়নি। ফলে অনেকটা ঝুঁকি নিয়েই সেখানে পাঠদান চালিয়ে যাচ্ছেন শিক্ষকেরা।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প প্রথম পর্যায়ের প্রকল্প পরিচালকের কাছে পুরো জেলা ও সব উপজেলার জরাজীর্ণ ভবনের তালিকা পাঠানো হয়েছে। ওই তালিকায় এই বিদ্যালয়ের নামও রয়েছে।